২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির ছাত্রদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, আন্দোলন কর্মসূচি বাতিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগস্টের ছাত্র বিক্ষোভের ঘটনায় ১০ ছাত্রের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিয়েছে সরকার। রোববার এ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠি বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তগত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2008, 01:42 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগস্টের ছাত্র বিক্ষোভের ঘটনায় ১০ ছাত্রের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিয়েছে সরকার। রোববার এ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠি বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তগত হয়। মামলা প্রত্যাহারের দাবিতে এদিন ক্যাম্পাসে কালো ব্যাজ ধারণ এবং বিভিন্ন অনুষদে কালো পতাকা উত্তোলন করা হয়। পরে মামলা প্রত্যাহারের খবর পেয়ে পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করে শিক্ষার্থীরা। গত বছর ২২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের জের ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাপক বিক্ষোভ ও ভাঙ্গচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে সাভার ও আশুলিয়া থানায় অজ্ঞাতনামা প্রায় দেড় হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে চারটি মামলা করে পুলিশ। গত নভেম্বরে আশুলিয়া থানা ১০ ছাত্র ও সাভার থানা দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। আদালত তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে। এই চারটি মামলা প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ফ্যাক্সযোগে পাঠানো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, আশুলিয়া থানায় দায়ের করা ৭৬ ও ৮১ নম্বর এবং সাভার থানার ৫৯ ও ৬০ নম্বর মামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২২ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব (আইন) সুজায়েত উল্যা স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়, ১৮৯৮ সালের ফৌজধারী কার্যবিধির ৪৯৪ ধারায় মামলা প্রত্যাহার করা হয়েছে। মামলা প্রত্যাহারের খবর পেয়ে পূর্বঘোষিত আন্দোলন কর্মসূচি বাতিল করেচে নির্যাতনবিরোধী ছাত্র-ছাত্রীবৃন্দ। সোমবার শিক্ষক-শিক্ষার্থী মানববন্ধন কর্মসূচি পালন করার কথা ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৯ ঘ.