চট্টগ্রাম, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিক্ষার্থীদের পরীক্ষা ও সনদ অর্জনের ক্ষেত্রে নতুন নীতিমালা সম্বলিত অর্ডিনেন্সটি ২০০৭-০৮ শিক্ষাবর্ষ থেকে কার্যকর করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়। এর আগে অর্ডিনেন্সটি ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষ থেকে কার্যকর করার সিদ্ধান্ত হলেও শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই সিদ্ধান্ত থেকে সরে আসে।
এই অর্ডিন্যান্সের আওতায় শিক্ষার্থীরা মাত্র একবার সম্পূরক পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। ওই পরীক্ষায় উত্তীর্ণ না হলে মূল সনদে বিষয়টিতে অকৃতকার্য দেখানো হবে।
এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষ থেকে অর্ডিনেন্সটি কার্যকর করার ঘোষণা দিলে প্রায় দেড় হাজার শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল হওয়ার শঙ্কা দেখা দেয়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বুধবার অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় নতুন শিক্ষাবর্ষ থেকে অর্ডিন্যান্সটি কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম বদিউল আলম এতে সভাপতিত্ব করেন।
প্রক্টর অধ্যাপক মোহাম্মদ জসীমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নতুন অর্ডিন্যান্সটি ২০০৭-০৮ শিক্ষাবর্ষ থেকে কার্যকর করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।
নতুন অর্ডিন্যান্সের আওতায় ২০০৭-০৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীরা মাত্র একবার সম্পূরক পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। সেখানে অনুত্তীর্ণ হলে মূল সনদে ওই বিষয়ে ফেল দেখানো হবে। এছাড়া, প্রথম বর্ষেই ইংরেজি (আবশ্যিক) পরীক্ষা দিতে হবে। কোনো শিক্ষার্থীর নিবন্ধনের মেয়াদ ছয় শিক্ষাবর্ষ পেরিয়ে গেলে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে।
এদিকে শিক্ষাবর্ষের মাঝামাঝি সময়ে নতুন অর্ডিন্যান্স কার্যকর না করার দাবিতে আন্দোলনরত প্রায় দেড় হাজার শিক্ষার্থী মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের বাইরে অবস্থান ধর্মঘট পালন করে। অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টির সমাধান হওয়ার পর তারা কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এমএআর/এসএনডি/২১৪৩ ঘ.
bdnews24