২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির সব শিক্ষার্থী মুক্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারাবন্দি সব শিক্ষার্থী মুক্তি পেয়েছেন। বুধবার সকাল সোয়া ১১টায় কারাগার থেকে মুক্তি পান পাঁচ জন। এরপর বিকেলে ও সন্ধ্যায় মুক্তি পান আরো তিনজন। সকালে মুক্তি পাওয়ার পর মানবেন্দ্র দেব, জাহিদুল ইসলাম বিপ্লব, রফিকুল ইসলাম সুজন, মো. দীন ইসলাম ও দীন ইসলাম অ্যাঞ্জেল ক্যাম্পাসে গিয়ে অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্র-শিক্ষক সংহতি সমাবেশে যোগ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2008, 08:32 AM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারাবন্দি সব শিক্ষার্থী মুক্তি পেয়েছেন। বুধবার সকাল সোয়া ১১টায় কারাগার থেকে মুক্তি পান পাঁচ জন। এরপর বিকেলে ও সন্ধ্যায় মুক্তি পান আরো তিনজন। সকালে মুক্তি পাওয়ার পর মানবেন্দ্র দেব, জাহিদুল ইসলাম বিপ্লব, রফিকুল ইসলাম সুজন, মো. দীন ইসলাম ও দীন ইসলাম অ্যাঞ্জেল ক্যাম্পাসে গিয়ে অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্র-শিক্ষক সংহতি সমাবেশে যোগ দেন। এরা সবাই শাহবাগে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় (৫১ নম্বর মামলা) কারাবন্দি ছিলেন। বিকেলে মুক্তি পাওয়া লিটন মাহমুদ সোমবার ৫১ নম্বর মামলা থেকে অব্যাহতি পান। আর মনিরুজ্জামান সর্দার মঙ্গলবারই আদালতের রায়ে ৫৪ নম্বর মামলা থেকে খালাস পান। গাড়ি পোড়ানোর মামলায় জামিন পাওয়া আরেক ছাত্র আসাদুজ্জামানের মুক্তির কাগজপত্র কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে দেরি হওয়ায় তিনি মুক্তি পান সন্ধ্যার পর। এছাড়া মিরপুর থানার একটি মামলার আসামি বাংলা কলেজের ছাত্র ইন্দ্রজিত সাহা সাগরকেও বিকেলে মুক্তি দেওয়া হয়। সকালে কারাগার থেকে মুক্তি পেয়ে পাঁচ শিক্ষার্থী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পর যোগ দেন বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্র-শিক্ষক সংহতি সমাবেশে। দুপুর সাড়ে ১২টায় তারা ক্যাম্পাসে পা রাখা মাত্র হাজার হাজার শিক্ষক-শিক্ষার্থী তাদের ফুল দিয়ে বরণ করে নেয়। প্রতিবাদ সমাবেশে উচ্ছ্বাসের চেয়ে প্রতিবাদের সুরই ছিল বেশি জোরালো। এর আগে সকাল সোয়া ১১টার দিকে উপ কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "৫১ নম্বর মামলায় জামিনে পাঁচ ছাত্রকে মুক্তি দেয়া হয়েছে। বাকি তিন জনের কাগজপত্র আমাদের হাতে পৌঁছায়নি। এলে তাদেরও মুক্তি দেওয়া হবে।" কারাগার থেকে বের হয়ে ছাত্র দীন ইসলাম অ্যাঞ্জেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে । সরকার মামলা চালিয়ে যাবে বলে জানানো হয়েছে।" অ্যাঞ্জেল বলেন, "মামলা প্রত্যাহার করে নিতে হবে। তা না হলে আমরা আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাব।" গত আগস্টের ছাত্র বিক্ষোভের সময় সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শাহবাগ থানায় ৫১ নম্বর মামলাটি দায়ের করা হয়। এই মামলায় ২৫ জন আসামির মধ্যে সোমবার ১৮ জনকে অব্যাহতি দেওয়া হয়। বাকি যে সাতজনের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলবে তার মধ্যে পাঁচ জন বুধবার জামিন পেয়েছেন। অন্য দুই আসামি রাশেদুল হাবিব ও আবুল হাসান এখনো পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/একেএম/জিএমএ/এএনএস/এসএনডি/জেকে/১৮৪৬ ঘ.