সিলেট, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগস্ট ছাত্র বিক্ষোভের ঘটনার রেশ ধরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মিছিল-সমাবেশ করার অভিযোগে দায়ের করা মামলার একমাত্র আসামি মোস্তাফিজুর রহমানকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
বুধবার সকালে সিলেটের দ্রুত বিচার আদালতের বিচারক মতিয়ার রহমান এ রায় দেন।
খালাস পেয়ে তাৎক্ষণিক প্রক্রিয়ায় মোস্তাফিজুর রহমান রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সত্যের জয় হয়েছে। ষড়যন্ত্রমূলকভাবে রাজনৈতিক প্রতিহিংসাবশত আমাকে এ মামলায় জড়ানো হয়েছিল।"
রাজু বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং শাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
এর আগে গত সোমবার সকালে আত্মসমর্পণ করলে সেদিনই তাকে আদালত থেকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগ এনে গত ৫ সেপ্টেম্বর সিলেট কোতোয়ালি থানার উপ পরিদর্শক শাহেদ উদ্দিন মামলাটি দায়ের করেন।
ঘটনার ১৪ দিন পর রাজু এবং অজ্ঞাত আরো ৩০ জনের বিরুদ্ধে জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়েছিল। ১৩ সেপ্টেম্বর শুধু রাজুকে আসামি করে মামলার অভিযোগপত্র দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/১২০৪ঘ.
bdnews24