ঢাকা, ২৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--গাড়ি পোড়ানোর মামলায় আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ ছাত্রকে বুধবার কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। ৫১ নম্বর মামলায় জামিনে মুক্তি পেয়ে বুধবার সকাল ১১ টা ১৬ মিনিটে তারা ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন।
কারামুক্ত ছাত্ররা হচ্ছেন মানবেন্দ্র দেব, জাহিদুল ইসলাম বিপ্লব, রফিকুল ইসলাম সুজন, দীন ইসলাম এবং দীন ইসলাম অ্যাঞ্জেল।
উপ কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " ৫১ নম্বর মামলায় জামিনে ৫ ছাত্রকে মুক্তি দেয়া হয়েছে। বাকি ৩ জনের কাগজপত্র আমাদের হাতে এসে পৌঁছায়নি । এলে তাদেরও মুক্তি দেওয়া হবে।"
কারাগার থেকে বের হয়ে ছাত্র দীন ইসলাম অ্যাঞ্জেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের জামিনে মুক্তি দেয়া হয়েছে । সরকার মামলা চালিয়ে যাবে বলে জানানো হয়েছে।" অ্যাঞ্জেল আরো বলেন, মামলা প্রত্যাহার করে নিতে হবে। অন্যথায় তারা আন্দোলনের কর্মসূচী চালিয়ে যাবেন।
গত ২২ ও ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভের ঘটনায় শাহবাগ থানায় সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর অভিযোগে মামলা দায়ের করা হয়। এই মামলায় ২৫ জন আসামীর মধ্যে এর আগে ১৮ জনের নামে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। বাকীদের মধ্যে কারাবন্দি ৫ ছাত্রকে জামিনে মুক্তি দেয়া হলো। একই ঘটনায় শাহবাগ থানায় পৃথক একটি মামলা দায়ের করা হয়। এই মামলার নম্বর ৬৪। মঙ্গলবার সন্ধ্যায় আদালতে চূড়ান্ত রিপোর্ট দাখিলের মাধ্যমে ওই মামলাটি নিষ্পত্তি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এএইচডি-ইএইচবি/একেএম/এসকে/১১৫৪ঘ.
bdnews24