২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি শিক্ষার্থীদের মুক্তির দাবিতে ক্যাম্পাসে গণ-শিক্ষার্থী সমাবেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কারাবন্দি ১০ শিক্ষার্থী ও এক কর্মচারির মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে 'কর্তৃত্ব-বিরোধী শিক্ষার্থীবৃন্দ' শনিবার বিকেলে ক্যাম্পাসে গণ-শিক্ষার্থী সমাবেশ ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2008, 01:00 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জনিুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কারাবন্দি ১০ শিক্ষার্থী ও এক কর্মচারির মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে 'কর্তৃত্ব-বিরোধী শিক্ষার্থীবৃন্দ' শনিবার বিকেলে ক্যাম্পাসে গণ-শিক্ষার্থী সমাবেশ ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে। বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের মুক্ত মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কর্তৃত্ব-বিরোধী শিক্ষার্থীবৃন্দ'র সমন্বয়ক আরিফ রেজা মাহমুদ। তিনি বলেন, যত দিন শিক্ষার্থী ও কর্মচারিকে মুক্তি দেওয়া না হবে ততদিন আন্দোলন চলবে। পরে গণসঙ্গীত এবং নাটক মঞ্চস্থ হয়। আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি উৎসর্গ করা হয় নাটক। দণ্ডাদেশপ্রাপ্ত শিক্ষার্থী ও কর্মচারির মুক্তির দাবিতে কর্তৃত্ববিরোধী শিক্ষার্থীবৃন্দ'র ব্যানারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৬ জানুয়ারি থেকে লাগাতার আন্দোলন করে আসছেন। ডিজিএফআই কর্মকর্তার গাড়ি পোড়ানো মামলায় রাজশাহীর অতিরিক্তি মুখ্য বিচারিক হাকিম আদলত ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ১০ ছাত্র ও এক কর্মচারিকে তিন বছরের কারাদন্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ড দেয়। ৬ ও ৭ জানুয়ারি ১০ শিক্ষার্থী আদালতে আত্মসমর্পণ করেন। ৯ জানুয়ারি শিক্ষার্থীদের অভিভাবক তাদের মুক্তি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন জানান। ১০ জানুয়ারি শিক্ষার্থীরা আপিল দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪২ ঘ.