রাজশাহী বিশ্ববিদ্যালয়, জনিুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দণ্ডাদেশপ্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী এবং এক কর্মচারির মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষা উপদেষ্টাকে একটি খোলা চিঠি দিয়েছে 'কর্তৃত্ব-বিরোধী শিক্ষার্থীবৃন্দ'।
খোলা চিঠিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীদের বিচার প্রক্রিয়া শেষে সম্মানজনকভাবে মুক্তির প্রতিশ্র"তি দেওয়া হয়েছে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিষয়ে কোনো কথা বলা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্যদের পক্ষ থেকে কারাবন্দীদের নিঃশর্ত মুক্তি দাবি করা হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, শিক্ষার্থীদের সম্মানজনক নিঃশর্ত মুক্তি দিতে কোনো সমস্যা থাকার কথা নয়।
ছাত্র বিক্ষোভের ঘটনায় 'অজ্ঞাতনামা' শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তা প্রত্যাহারেরও আহ্বান জানানো হয়েছে।
খোলা চিঠিতে ২০ জানুয়ারি মমতাজউদ্দিন কলাভবনে অনুষ্ঠেয় 'স্বাধীনতা, সংহতি, সৃজনশীলতা ও বিশ্ববিদ্যালয়' শীর্ষক মুক্ত আলোচনা ও গণ-সংলাপে অংশ নেওয়ার জন্য শিক্ষা উপদেষ্টা, রাজশাহী মহানগরীর পুলিশ কমিশনার এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টাকেও আমন্ত্রণ জানানো হয়।
ছাত্র বিক্ষোভের সময় ডিজিএফআই কর্মকর্তার গাড়ি পোড়ানো মামলায় রাজশাহীর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালত ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ১০ ছাত্র ও এক কর্মচারিকে তিন বছরের কারাদন্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের করে কারাদণ্ডের নির্দেশ দেয়।
কারা অন্তরীণ শিক্ষার্থীদের মুক্তির দাবিতে 'কর্তৃত্ব-বিরোধী শিক্ষার্থীবৃন্দ' ১৬ জানুয়ারি থেকে অহিংস-অসহযোগ আন্দোলনের ডাক দেয়। এ আন্দোলনের অংশ হিসেবে তারা শিক্ষা উপদেষ্টা বরাবর খোলা চিঠি পাঠায়। শনিবার গণ-ছাত্র সমাবেশ এবং প্রতীকী সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪০ ঘ.
bdnews24