ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গত ১১ নভেম্বর অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি (আবশ্যিক) বিষয়ের বাতিল পরীক্ষাটিকে বৈধতা দিয়ে সব শিক্ষার্থীকে ৪৫ শতাংশ নম্বর দেওয়ার দাবি করেছে ঢাকা কলেজের ছাত্ররা।
এই দাবিসহ প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের শাস্তিদান ও বারবার পরীক্ষা স্থগিত না করার দাবিতে রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়কে ২৪ ঘণ্টা সময় বেধে দিয়েছে আন্দোলনরত ছাত্ররা। সোমবার সন্ধ্যার মধ্যে দাবি আদায় না হলে মঙ্গলবার থেকে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে।
এই দাবিনামা নিয়ে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্বারকলিপি দিয়েছে।
গত ১১ নভেম্বর ইংরেজি বিষয়ের পরীক্ষা নেওয়ার পর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা বাতিল করে দেয়। গত শনি ও রোববার ওই বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু আবার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুক্রবার পরীক্ষাটি স্থগিত ঘোষণা করে। শনিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৯ ও ৩০ জানুয়ারি ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষাটি দ্বিতীয় দফা স্থগিত করার পর ঢাকা কলেজের ছাত্ররা এর প্রতিবাদে শুক্রবার রাত থেকেই আন্দোলন শুরু করে। রোববার টানা তৃতীয় দিনের মতো মিরপুর সড়কে বিক্ষোভ করেছে তারা। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিক্ষোভ চলাকালে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ থাকে।
এ ব্যাপারে ঢাকা কলেজের ছাত্র জামিউর রহমান ফয়সাল বলেন, "আমরা এই বিষয়ে আর পরীক্ষা দিতে চাই না। ১১ নভেম্বর দিয়েছি, তা বাতিল হয়ে গেছে। আবার প্রস্তুতি নিয়েছি, কর্তৃপক্ষ স্থগিত ঘোষণা করেছে। এখন আবার দিতে গেলে আবারও যে প্রশ্ন ফাঁস হবে না তার নিশ্চয়তা কে দেবে। সম্মানিত শিক্ষকরা আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারেন না। দোষীদের অবশ্যই শাস্তি দিতে হবে।"
ফয়সাল জানান, আন্দোলনকারী ছাত্ররা রোববার ঢাকা কলেজের অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্বারকলিপি দিয়েছে। এতে তাদের তিন দফা দাবি উল্লেখ করে তা পূরণের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে।
তিনি বলেন, "অধ্যক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা আপাতত আন্দোলন কর্মসূচি স্থগিত করেছি। সোমবারের মধ্যে দাবি না মানলে মঙ্গলবার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃহত্তর কর্মসূচি পালন করা হবে।"
তবে কী কর্মসূচি পালন করা হবে তা এখনো ঠিক কার হয়নি বলে জানান ফয়সাল।
এর আগে সকাল সাড়ে ১০টা থেকে ১টা পর্যন্ত আন্দোলনকারী ছাত্ররা মিরপুর সড়কে বিক্ষোভ করে। এসময় সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত মিরপুরে সড়কের দু'পাশেই যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। আর এর প্রভাবে আশেপাশের রাস্তায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ শেষে দুপুর ১টায় ছাত্ররা কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার আলম খানের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচর্য বরাবর স্বারকলিপি দেয়।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অধ্যাক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার পর ছাত্ররা দুপুর একটার দিকে রাস্তা থেকে সরে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/জিএমএ/জেকে/এমএইচবি/২০৫২ ঘ.
bdnews24