২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে শিক্ষকদের মানববন্ধন

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আটক শিক্ষক ও শিক্ষার্থীদের মুক্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শনিবার ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2008, 10:55 AM

Updated : 26 Aug 2022, 01:11 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আটক শিক্ষক ও শিক্ষার্থীদের মুক্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শনিবার ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বেলা সোয়া ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত ওই মানবন্ধনে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও অংশ নেয়। শিক্ষকরা আটক শিক্ষক ও শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবিতে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে। মানববন্ধন শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক কথাসাহিত্যিক হাসান আজিজুল হক সাংবাদিকদের বলেন, "ইতোপূর্বে শিক্ষক সমাজের পক্ষ থেকে আমরা নানাভাবে আটক শিক্ষক-শিক্ষার্থীর মুক্তির জন্য সরকারের কাছে মানবিক আবেদন জানিয়েছি। কিন্তু কোনও কাজ হয়নি। শিক্ষকদের আটক রেখে বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক অবস্থায় রয়েছে, শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।" তিনি বলেন, "আটক শিক্ষকরা কোনও অন্যায় করেননি। তারা শুধু ছাত্রদের পক্ষে কথা বলেছেন, নৈতিক কারণে ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন।" রাবির সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক বলেন, "ছাত্রদের মধ্যে সঙ্কট এলে শিক্ষকরা তাদের পাশে দাঁড়ান। আটক শিক্ষকরা শুধু ছাত্রদের পক্ষে কথা বলেছেন।" মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটক শিক্ষার্থী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাজাপ্রাপ্ত শিক্ষার্থী ও কর্মচারীর মুক্তি দাবি করেন। অধ্যাপক সনৎ কুমার সাহা, মিজান উদ্দিন, জালাল উদ্দিন, এসএম আবু বকর, মলয় কুমার ভৌমিক, সেলিম রেজা নিউটন, দুলাল চন্দ্র বিশ্বাস, আব্দুল্লাহ আল মামুন, শামসুদ্দিন ইলিয়াস, ফেরদৌস আরা, রবিউল ইসলাম, ফায়েকউজ্জামান, সুজিত সরকার, নজরুল ইসলাম, মোস্তফা তরিকুল আহসান, শিশির ভট্টাচার্য, তারেক নুর, একেএম আব্দুল মজিদ, আকতার ফারুক, সুস্মিতা চক্রবর্তী ও মোবাররকা সিদ্দিকা মানববন্ধনে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪৫ ঘ.