২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ও রাবির শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তি দাবি করেছেন ৬২ শিক্ষক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটক শিক্ষক-শিক্ষার্থী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দণ্ডাদেশপ্রাপ্ত ছাত্রদের নিঃশর্ত মুক্তি ও তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৬২ জন শিক্ষক এক যুক্ত বিবৃতিতে সরকারের কাছে এই দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 11:42 AM

Updated : 26 Aug 2022, 01:11 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটক শিক্ষক-শিক্ষার্থী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দণ্ডাদেশপ্রাপ্ত ছাত্রদের নিঃশর্ত মুক্তি ও তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৬২ জন শিক্ষক এক যুক্ত বিবৃতিতে সরকারের কাছে এই দাবি জানান। বিবৃতিতে বলা হয়, গত আগস্ট মাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক হারুন-অর-রশীদ, অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক সদরুল আমীন ও অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক কারাগারে আটক রয়েছেন। ঢাবি শিক্ষক সমিতি এবং দেশের বিভিন্ন স্তরের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে সরকার মুক্তির আশ্বাস দিলেও তারা এখনও মুক্তি পাননি। এতে শিক্ষকদের পরিবার যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। এ নিয়ে শিক্ষক-ছাত্রসহ সব মহলে উৎকণ্ঠা বিরাজ করছে। আটক শিক্ষকরা কোন অনৈতিক, ধ্বংসাত্বক বা উসকানিমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারেন না দাবি করে বিবৃতিতে মামলা প্রত্যাহারের মাধ্যমে আটক শিক্ষক-ছাত্রদের সম্মানজনক ও নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। বিবৃতিতে স্বাক্ষরকারী শিক্ষকেরা হলেন- রাবির সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান খান, খায়রুল আলম খান, জালাল উদ্দিন, আব্দুস সোবহান, মলয় কুমার ভৌমিক, চৌধুরী সারওয়ার জাহান সজল, আনন্দ কুমার সাহা, এসএম আবু বকর, সেলিম রেজা নিউটন, আব্দুল্লাহ আল মামুন, শামসুদ্দিন ইলিয়াস, এম এ বারী, ফায়েকউজ্জামান প্রমূখ। রাবির শিক্ষার্থীদের মুক্তির দাবিতে আল্টিমেটাম ডিজিএফআই এর গাড়ি পোড়ানো মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী ও গাড়ি চালকের মুক্তির দাবিতে সরকারকে পাঁচ দিনের আল্টিমেটাম দিযেছে 'কর্তৃত্ব বিরোধী শিক্ষার্থীবৃন্দ' নামে বিশ্ববিদ্যালয়ে নতুন আত্মপ্রকাশ করা একটি সংগঠন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী মঙ্গলবারের মধ্যে সরকার রাবির আটক ছাত্র-কর্মচারীকে মুক্তি না দিলে অথবা এ বিষয়ে কোন সময়সূচি ঘোষণা না করলে বুধবার থেকে সংগঠনটি মানববন্ধন, কালো পতাকা প্রদর্শন, ক্লাশ বর্জন এবং ধর্মঘটের ঘোষণা দেবে। আগস্টে ছাত্র বিক্ষোভের সময় শিক্ষার্থীদের ওপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে অভিযোগ করে জাতিসংঘের আওতায় আন্তর্জাতিক তদন্তেরও দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয় পরিষদের সদস্য রিয়াদুল হক, জেরিন জাহান, মনিরা শরমিন, আরিফ রেজা, বাধন অধিকারী, গোলাম এহসান প্রমূখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৭ ঘ.