২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ভর্তি পরীক্ষার ফলাফলে ভুল: অপারেটর প্রতিষ্ঠানের চুক্তি বাতিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশে ভুল করার অভিযোগে ঢাকার অপারেটর প্রতিষ্ঠান সেকাই ম্যাক্স এর সঙ্গে চুক্তি বাতিল করেছে কর্তৃপক্ষ। অন্য ইউনিটগুলোর ফলাফল প্রকাশের দায়িত্ব দেয়া হয়েছে ওএমআরডিএম নামের আরেকটি প্রতিষ্ঠানকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2008, 03:42 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশে ভুল করার অভিযোগে ঢাকার অপারেটর প্রতিষ্ঠান সেকাই ম্যাক্স এর সঙ্গে চুক্তি বাতিল করেছে কর্তৃপক্ষ। অন্য ইউনিটগুলোর ফলাফল প্রকাশের দায়িত্ব দেয়া হয়েছে ওএমআরডিএম নামের আরেকটি প্রতিষ্ঠানকে। একইসঙ্গে ফলাফল প্রকাশের জন্য সেকাই ম্যাক্স এর প্রাপ্য অর্থের চার পঞ্চমাংশ কেটে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলমের সভাপতিত্বে ডিন ও ইউনিট প্রধানদের নিয়ে ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘ ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) ফলাফল প্রকাশে ভুল করায় সেকাই ম্যাক্স এর সঙ্গে চুক্তি বাতিল করেছি আমরা। এছাড়া চুক্তি অনুযায়ী তাদের যে অর্থ দেয়ার কথা ছিল তার চার পঞ্চমাংশ কেটে নেয়া হয়েছে।" নতুন অপারেটর ওএমআরডিএম বুধবার থেকে কাজ শুরু করেছে বলেও জানান তিনি। গত রোববার সকালে 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার পর ওইদিনই রাত দেড়টায় ফলাফল প্রকাশ করা হয়। সোমবার দুপুরে ফলাফলে ভুল ধরা পড়ার পর কর্তৃপক্ষ তা বাতিল করে। 'সেকাই ম্যাক্স' ওই দিন বিকেল সাড়ে ৫টায় সংশোধিত ফলাফল প্রকাশ করে। এদিকে 'সেকাই ম্যাক্স' এর নিয়োগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সদস্য। চবি সিনেট ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক হেলাল উদ্দীন নিজামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনভিজ্ঞ প্রতিষ্ঠানটির নিয়োগ প্রক্রিয়া যথাযথ হয়েছে কি না তা খতিয়ে দেখা দরকার। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফলের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ভুল করার কারণ অবশ্যই খুঁজে বের করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এমএআর/জেকে/২১২৩ ঘ.