২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন নিয়মে বিসিএস পরীক্ষার আবেদনপত্র বাছাই করবে পিএসসি

বিসিএস পরীক্ষার আবেদনপত্র যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে এখন থেকে বেশ কিছু নতুন নিয়ম অনুসরণ করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আবেদনপত্রে ১৩টি ক্ষেত্রে ভুল থাকলে তা বাতিল করা হবে। এর আগে চারটি ধাপে বাছাই করা হবে আবেদনপত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2008, 03:37 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিসিএস পরীক্ষার আবেদনপত্র যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে এখন থেকে বেশ কিছু নতুন নিয়ম অনুসরণ করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আবেদনপত্রে ১৩টি ক্ষেত্রে ভুল থাকলে তা বাতিল করা হবে। এর আগে চারটি ধাপে বাছাই করা হবে আবেদনপত্র। পিএসসি'র চেয়ারম্যান ড. সা'দত হুসাইন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোনো আবেদনপত্রে বড় বড় ১৩টি বিষয় উল্লেখ না থাকলে সেটি বাতিল করা হবে। বাতিল করার আগে আবেদনপত্রগুলো চারটি ধাপে বাছাই করা হবে।" পরীক্ষার জন্য নির্ধারিত ফি জমা না দেওয়া, আবেদনপত্রের সঙ্গে সনদপত্র না দেওয়া, স্বাক্ষর না করা, জন্ম তারিখ বা ঠিকানা ভুল, বিষয় উল্লেখ না করা, মায়ের নাম বাদ দেওয়া এই ১৩টি ভুলের অন্যতম। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি কর্ম কমিশন পুনর্গঠন করা হয়। তখন চেয়াম্যান হিসেবে ড. সা'দত হুসাইন এবং সদস্য হিসেবে আটজন নিয়োগ পান। অতীতে পিএসসিতে বিভিন্ন অনিয়মের বিষয়ে সা'দত হুসাইন বলেন, "বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন অনাচার এবং অনিয়মের সঙ্গে হয়তো বা পিএসসি'র উচ্চ পর্যায়ের কোনো ব্যক্তি, কর্মকর্তারা জড়িত থাকতে পারেন।" পরীক্ষার্থীরা যাতে উত্তরপত্রের নম্বর জানতে পারে সে জন্য একটি উদ্যোগ রয়েছে পিএসসি'র। এক্ষেত্রে নির্ধারিত ফি দিয়ে আবেদন জানালে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর জানিয়ে দেওয়া হবে। অবশ্য পিএসসি'র চেয়ারম্যান জানান, "এ বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি"। পিএসসিতে ফাইল ইউনিট করা হয়েছে বলে জানান তিনি। ড. সা'দত হুসাইন বলেন, "কাজের সুবিধার জন্য এ ধরনের ব্যবস্থা চালু করা হয়েছে।" এখন থেকে একটি ফাইল নির্দিষ্ট একটি ইউনিটেই থাকবে। সেই ইউনিটের কর্মকর্তা ছুটিতে গেলে অন্য একজন কর্মকর্তা সেই ইউনিটের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। ফলে দ্রুত কোনো ফাইল খুঁজে পাওয়া যাবে। বর্তমানে পিএসসি'র মৌখিক পরীক্ষা নেওয়ার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। আগে যেখানে সরকারি কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পরীক্ষা নিতেন, সেখানে এখন বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞদের নিয়ে আসা হচ্ছে। পরীক্ষা নেওয়ার জন্য তিনজন করে সদস্য নিয়ে একেকটি বোর্ড করা হচ্ছে। এসব বোর্ডে একজন পরীক্ষার্থীকে কমপক্ষে আট মিনিট রাখা হচ্ছে। কেউ ভালো করলে তার সঙ্গে আরও বেশি সময় কথা বলছেন পরীক্ষকরা। পিএসসি'র চেয়ারম্যান বলেন, "২৭তম বিসিএস'র মৌখিক পরীক্ষা চলছে। এ পর্যন্ত সাড়ে আট পর্ক্ষীার্থীর মৌখিক পরীক্ষা শেষ। আরও প্রায় আট হাজারের পরীক্ষা নিতে হবে। এখন পর্যন্ত কোনো অভিযোগ ওঠেনি, আগামীতেও অভিযোগ আসবে না বলে আমি বিশ্বাস করি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এসএনডি/এমএইচবি/২১৩২ ঘ.