২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র-শিক্ষকদের মুক্তির ব্যাপারটি আইনী প্রক্রিয়ায়ই এগুবে: উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ বলেছেন, কারাবন্দী ছাত্র-শিক্ষকদের মুক্তির ব্যাপারটি আইনী প্রক্রিয়ায়ই এগুবে। উপাচার্য আরো বলেছেন, চলমান আইনী প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হওয়ার ব্যাপারে সরকারসহ সবার সহযোগিতা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2008, 02:25 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

ঢাকা, জানুয়ারি ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ বলেছেন, কারাবন্দী ছাত্র-শিক্ষকদের মুক্তির ব্যাপারটি আইনী প্রক্রিয়ায়ই এগুবে। উপাচার্য আরো বলেছেন, চলমান আইনী প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হওয়ার ব্যাপারে সরকারসহ সবার সহযোগিতা রয়েছে। বুধবার সন্ধ্যায় নিজের কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এদিকে শিক্ষক সমিতি শিক্ষক-ছাত্রদের মুক্তি আদায়ে ব্যর্থ হলে শিক্ষকরা নতুন প্ল্যাটফর্ম গঠন করবেন বলে নীল দলের একজন শিক্ষক জানিয়েছেন। সাংবাদিকদেরকে উপাচার্য বলেন, "আমার সঙ্গে চার শিক্ষকের আলোচনা হয়েছে। এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ব্যাপারে তাদের আইনজীবীদের ও পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এ ব্যাপারটি দ্রুত সম্পন্ন করার ব্যাপারে সরকারেরও সদিচ্ছা রয়েছে।" উপাচার্য আরো বলেন, আইনী প্রক্রিয়া শেষ হওয়ার পর তারা যাতে মর্যাদার সঙ্গে ক্যাম্পাসে ফিরে আসতে পারেন সে ব্যাপারে আলোচনা চলছে। তিনি বলেন, "আমরা একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুযায়ীই এগুচ্ছি। এতে শিক্ষকরাও রাজি হয়েছেন। এছাড়া সকল শিক্ষকের দাবি অনুযায়ী মামলা প্রত্যাহারের ব্যাপারেও আমার প্রচেষ্টা চলছে।" নিম্ন আদালত থেকে মামলার দ্রুত মীমাংসা হলে এ প্রক্রিয়া আরো দ্রুত এগুবে মন্তব্য করে উপাচার্য বলেন, সেজন্যই এখন দ্রুত মামলার শুনানি হচ্ছে। তবে অধ্যাপক ড.আনোয়ার হোসেনের ছেলে সানজীব হোসেন উপাচার্যের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান। দ্রুত বিচার শেষ হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, "আমরা চাচ্ছি ঘটনার দ্রুত সমাধান হোক। তাই আমাদের পক্ষ থেকেই আইনজীবীদের বলা হয়েছে যাতে বিরতি না দিয়ে দ্রুত মামলার শুনানির তারিখ দেয়া হয়। কারণ আমাদের মনে হচ্ছে সরকার ঘটনার দ্রুত একটি সমাধান চায়।" এদিকে, বুধবার বিকেল চারটায় নীল দলের প্রায় পনেরজন শিক্ষক উপাচার্যের সঙ্গে দেখা করেন। এসময় তারা মঙ্গলবার সরকারের একজন উচ্চপর্যায়ের কর্মকর্তার সঙ্গে উপাচার্য ও শিক্ষক নেতাদের বৈঠকের ব্যাপারে জানতে চান। বৈঠক শেষে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, শিক্ষক সমিতি ছাত্র-শিক্ষক মুক্তির ব্যাপারে ব্যর্থ হলে শিক্ষকরা নতুন প্লাটফর্ম তৈরি করবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২০১৬ঘ.