রাজশাহী, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ছাত্র বিক্ষোভ ও ভাংচুরে উস্কানি দেওয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণ রোববার শুরু হয়েছে।
সাক্ষ্য গ্রহণের প্রথম দিন মহানগর দ্রুত বিচার আদালতে আইনজীবীদের নানা প্রশ্নের উত্তর দেন মামলার বাদি মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ। অভিযুক্ত ছয় শিক্ষক গত ২২ ও ২৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ ও ভাংচুরে উস্কানি দিয়েছেন বলে আদালতে জবানবন্দিতে উল্লেখ করলেও আইনজীবীদের জেরার মুখে ওই পুলিশ কর্মকর্তা জানান, সাবেক উপাচার্য সাইদুর রহমান শিক্ষকদের মৌন মিছিলে অংশ নেননি। মৌন মিছিলের ব্যানারের লেখাও রাষ্ট্রের বিরুদ্ধে ছিল না বলে উল্লেখ করেন তিনি।
গত ১৭ সেপ্টেম্বর এ মামলার অভিযোগ গঠন হয়।
রোববার সকাল ১১টার সময় রাজশাহী মহানগর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলুল করীমের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথমেই মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদের জবানবন্দি নেওয়া হয়। এর পর শিক্ষকদের পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন।
দুপুরে ১৫ মিনিট বিরতি বাদে বিকাল সোয়া ৪টা পর্যন্ত একটানা জেরা চলে। এরপর বিচারক আগামী ২৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেন।
মামলার আসামি রাবির সাবেক উপাচার্য সাইদুর রহমান, আব্দুস সোবহান, মলয় কুমার ভৌমিক, দুলাল চন্দ্র বিশ্বাস, সেলিম রেজা নিউটন ও আবদুল্লাহ আল মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
শিক্ষক ও কথাসাহিত্যিক হাসান আজিজুল হকসহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক, অভিযুক্ত শিক্ষকদের স্বজনসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী আদালত এলাকায় উপস্থিত ছিলেন।
শিক্ষকদের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু, হামিদুল হকসহ পাঁচ আইনজীবী।
গোলাম আরিফ টিপুর প্রশ্নের জবাবে বাদি আদালতকে জানান, অধ্যাপক সাইদুর রহমান খান মৌন মিছিলে অংশ নেননি। মামলার সপক্ষে আদালতে যে সব ছবি উপস্থাপন করা হয়েছে তাতেও সাইদুর রহমান খানের কোনও উপস্থিতি নেই।
মৌন মিছিলের ব্যানারের লেখা বিশ্ববিদ্যালয়ের বা রাষ্ট্রের বিরুদ্ধে কিনা সে প্রশ্নের উত্তরে বাদি বলেন, "মৌন মিছিলের ব্যানারের লেখা বিশ্ববিদ্যালয় বা সরকারের বিরুদ্ধে নয়। তবে এতে জরুরি বিধিমালা ভঙ্গ হয়েছে।"
আদালতে উপস্থাপিত ছবিগুলোতে সরকারবিরোধী কোনও বিষয় আছে কিনা প্রশ্ন করলে তার জবাবে না সুচক উত্তর দেন ওই পুলিশ কর্মকর্তা। তবে এতে জরুরি বিধিমালা ভঙ্গ হয়েছে বলে দাবি করেন তিনি।
ছাত্র বিক্ষোভের সময় বিক্ষিপ্ত মিছিলে কারা ছিল, তারা কোনও সে
bdnews24