ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় জনগণকে জানানোর জন্য একটি 'সহায়তা ডেস্ক' চালুর সিদ্ধান্ত হয়েছে। এরপর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেও এ ধরনের আলাদা দুটি ডেস্ক চালু করা হবে।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. মোমতাজুল ইসলাম রোববার বিকেলে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা একটি হেলপ ডেস্ক চালুর সিদ্ধান্ত নিয়েছি।"
তিনি জানান, সহায়তা ডেস্কের কাজের অগ্রগতি পর্যালোচনার জন্য প্রতি সপ্তাহে অধিশাখায় এবং প্রতি মাসে অনুবিভাগে উপসচিব ও যুগ্ম সচিবের সভাপতিত্বে সভা হবে।
বৈঠক সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন বিষয়ে বিভিন্ন পর্যায়ের মানুষ আবেদন করে। এর মধ্যে যেগুলোর নিষ্পত্তি হয় না সেগুলোর বিষয়ে কোনো তথ্য পান না আবেদনকারী। কী ভুলের জন্য আবেদনটি নিষ্পত্তি হলো না সেটিও তিনি জানতে পারেন না। এখন থেকে আবেদিত এবং অনিষ্পত্তি হওয়া বিষয় নিয়ে আলাদা তালিকা করা হবে। তালিকা অনুযায়ী পরে সব বিষয়েই জানিয়ে দেওয়া হবে।
সূত্র আরও জানায়, আবেদন বা চিঠির প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে। কেউ প্রাপ্তি স্বীকারপত্র না পেলে সহায়তা ডেস্কে এসে খোঁজ করতে পারবেন। সেখান থেকে জানিয়ে দেওয়া হবে তর চিঠি কোথায় বা কী অবস্থায় আছে।
শিক্ষা মন্ত্রণালয়ের ডেস্কে পুরোদমে কাজ শুরু হলেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে এ ধরনের ডেস্ক চালু করা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এসএনডি/এমএ/২০১৪ ঘ.
bdnews24