ঢাকা বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রেপ্তারকৃত শিক্ষক অধ্যাপক আনোয়ার হোসেন ও অধ্যাপক হারুন অর রশিদকে প্রথম শ্রেণীর মর্যাদা দানের নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার বিকেলে মহানগর হাকিম মো. হাসান সারওয়ার এই নির্দেশ দেন।
আদালত তার আদেশে বলেছেন, কারাবিধির ৯১০ (১) অনুচ্ছেদ অনুযায়ী কারা কর্তৃপক্ষ ডিভিশনের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।
অপরদিকে একই দিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র দ্বিতীয় বর্ষের ছাত্র দ্বীন ইসলাম এঞ্জেল এবং ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের ছাত্র শফিকুল ইসলাম সুজনকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক গোলাম রাব্বানী ১০ দিনের রিমান্ড চাইলে মহানগর হাকিম এজেএম আবদুল্লাহ হেল বাকী ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক গোলাম রাব্বানী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এঞ্জেল ও সুজনকে সোমবার ঢাকার নীলক্ষেত ও পরীবাগ এলাকা থেকে সেনাসদস্যকে মারধর, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার করা হয়।
এর আগে মঙ্গলবার মহানগর হাকিম এবিএম আবদুল ফাত্তাহ রিমান্ডকৃত শিক্ষার্থীদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী নেন।
গত ২৩ আগস্ট গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আনোয়ার হোসেন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন অর রশিদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শিক্ষকদের গত ২৫ আগস্ট প্রথম দফায় চারদিনের রিমান্ড এবং পরে আরো চারদিনের রিমান্ডে নেওয়া হয়
গত রোববার পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২১ ও ২২ আগস্ট সংঘটিত ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়েরকৃত তেরটি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে।
অভিযোগপত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক অধ্যাপক আনোয়ার হোসেন ও অধ্যাপক হারুন অর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন ও জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নিম চন্দ্র ভৌমিকসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/এমএ/১৯০৫ঘ.
bdnews24