ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঢাকা বিশ্ববিদ্যালয় খোলা এবং পরীক্ষার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ জানিয়েছেন। আগামী শনিবার সিন্ডিকেটের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।
পরীক্ষা পদ্ধতি এবং সময়সূচি নিয়ে সিদ্ধান্ত হতে আরো সময় লাগবে জানিয়ে উপাচার্য বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার ডিনস কমিটি এবং সিন্ডিকেটের সভায় এ ব্যাপারে আলোচনা হবে। ভর্তি পরীক্ষার বিষয়ে এ দুটি সভায় আলোচনার পর সাধারণ ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হবে। এরপরই চূড়ান্ত হবে ভর্তি পরীক্ষার তারিখ।
উপাচার্য জানান, খুব দ্রুতই এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এজন্য সিন্ডিকেটের বৈঠক এগিয়ে শনিবার করা হচ্ছে। আগে মঙ্গলবার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
উপাচার্য জানান, বৃহস্পতিবার জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ইশতিয়াক মাহমুদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে নিয়োগ দেয়া হয়েছে।
এরআগেও অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এবং অধ্যাপক ইশতিয়াক মাহমুদকে ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ডিনস কমিটি এবং সিন্ডিকেট বৈঠক এগিয়ে আনার বিষয়ে অধ্যাপক ফায়েজ বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদে শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। বিভ্রান্তি দূর করে সবাইকে পরিস্কার ধারণা ও সিদ্ধান্ত জানানোর জন্য সার্বিক বিষয় বিবেচনা করে সিন্ডিকেট বৈঠক এগিয়ে আনা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি হল খোলার বিষয়েও ডিনস্ কমিটি ও সিন্ডিকেট বৈঠকে আলোচনা করা হবে বলে তিনি জানান। বৃহস্পতিবার রাত আটটায় প্রভোস্ট কমিটি এবং প্রক্টরিয়াল কমিটির বৈঠকেও এসব বিষয়ে আলোচনা করার কথা রয়েছে।
গত ২২ আগস্ট মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আনোয়ার হোসেন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন অর রশিদকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, শিক্ষক, হলের কর্মকর্তা-কর্মচারিদের নিরাপত্তা, আটক ছাত্রদের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ নিয়েছে কিনা সে বিষয়ে সুস্পষ্ট কিছু জানাননি উপাচার্য। তবে তিনি বলেন, "সুযোগ পেলেই এসব বিষয় নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হচ্ছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএ/১৬৪৫ঘ.
bdnews24