২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসমর্পণের পর রাবির আরও তিন শিক্ষক কারাগারে

আত্মসমর্পণের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরও তিন শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার দুপুরে রাজশাহী মহানগর দ্রুত বিচার আদালতে আত্মসমর্পণকারী এ তিন শিক্ষক হলেন, গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, সেলিম রেজা নিউটন ও আবদুল্লাহ আল মামুন। প্রথম দুই শিক্ষক ওই বিভাগের সাবেক বিভাগীয় প্রধান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2007, 07:51 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

রাজশাহী, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আত্মসমর্পণের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরও তিন শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার দুপুরে রাজশাহী মহানগর দ্রুত বিচার আদালতে আত্মসমর্পণকারী এ তিন শিক্ষক হলেন, গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, সেলিম রেজা নিউটন ও আবদুল্লাহ আল মামুন। প্রথম দুই শিক্ষক ওই বিভাগের সাবেক বিভাগীয় প্রধান। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সাইদুর রহমান, আব্দুস সোবহান ও মলয় কুমার ভৌমিক আটকের পর রিমান্ড শেষে তারা এখন কারাগারে রয়েছেন। এই ছয় শিক্ষকই রাবিতে ছাত্র বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে জরুরি বিধিমালায় দায়ের করা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। দুপুর সোয়া ১২টার দিকে দুলাল চন্দ্র বিশ্বাস, সেলিম রেজা নিউটন ও আব্দুল্লাহ আল মামুন আদালতে হাজির হন। এসময় তাদের পক্ষের কৌঁসুলী মনসুর রহমান, এহসান আহমেদ, মোহন কুমার সাহা জামিনের আবেদন জানান। তবে জরুরি বিধিমালায় মামলা বিধায় বিচারক তা আমলে না নিলে আইনজীবীরা কারাগারে তিন শিক্ষককে ডিভিশন দেওয়ার আবেদন জানান। আইনজীবীরা বলেন, তিন শিক্ষকই অত্যন্ত সম্মানী ব্যক্তি। তাছাড়া মামলার এজাহারে তাদের নামও ছিল না। অভিযোগপত্রে তাদের নাম যুক্ত করা হয়। ওই সময় আদালত উপ-পরিদর্শক শামসুল ইসলাম আইনজীবীদের আবেদনের বিরোধিতা করে বলেন, শিক্ষকরা সম্মানী ব্যক্তি হলেও তারা রাষ্ট্রের আইন ভেঙেছেন, জরুরি বিধিমালা লঙ্ঘন করেছেন। উভয় পক্ষের বক্তব্য শেষে বিচারক ফজলুল করিম তিন শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে ডিভিশনের ক্ষেত্রে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের জের ধরে রাবিতে ২২ আগস্ট ছাত্র-পুলিশ ব্যাপক সংঘর্ষ হয়। ওই দিন পুলিশের গুলিতে নিহত হন এক রিকশাচালক। এর পরপরই নিরাপত্তা বাহিনী সাইদুর রহমান, রাবির প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক আব্দুস সোবহান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মলয় কুমার ভৌমিককে আটক করে। এর পর জরুরি ক্ষমতা বিধিমালায় অজ্ঞাতনামা দেড় হাজার জনকে আসামি করে মতিহার থানায় দুটি মামলা করে পুলিশ। ২৫ আগস্ট আদালতের মাধ্যমে এ তিন শিক্ষককে রিমান্ডে নেওয়া হয়। গত ১ সেপ্টেম্বর দুই মামলারই অভিযোগপত্র দেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। ভাংচুর এবং তাতে উস্কানি দেওয়ার মামলায় সাইদুর রহমান, আব্দুস সোবহান, মলয় কুমার ভৌমিক, দুলাল চন্দ্র বিশ্বাস, সেলিম রেজা নিউটন ও আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক নাসির উদ্দিন। এ মামলাটি দায়ের করেছিলেন উপ-পরিদর্শক ফারুখ হোসেন। সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর অভিযোগে দায়ের করা অপর মামলায় ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু, অধ্যাপক সারোয়ার জাহান সজল, জনসংযোগ কর্মকর্তা সাদিকুল ইসলাম, রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন, রাবি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বলসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা মুক্তার হোসেন। এ মামলাটি করেছিলেন ডিজিএফআইয়ের সহকারী পরিচালক শওকত আলী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএ/১৩৩১ ঘ.