জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার শিক্ষকদের আন্দোলনের মুখে শনিবার রাতে বিদ্যালয়টি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পরীক্ষা কমিটির আহ্বায়কের পদ থেকে এক শিক্ষককে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে শনিবার সকাল থেকে আন্দোলন শুরু করেন শিক্ষকরা। সন্ধ্যায় স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি ও জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. এনামুল হক খান, অধ্যক্ষ মো. মনসুর আলী খান আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে অলোচনা করতে গেলে বিক্ষুব্ধ শিক্ষকরা তাদের অবরুদ্ধ করে রাখেন। পরে উপচার্যের সুষ্ঠু তদন্তের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষকরা রাত সাড়ে ১০টার দিকে অবরোধ তুলে নেন।
স্কুল শাখার শিক্ষক তাহিরুজ্জামান মুকুল রাত সাড়ে ১০টার দিকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমান আন্দোলনরত শিক্ষকদের টেলিফোন করে সাত দিনের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ সময় পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।
এর আগে আন্দোলনকারী শিক্ষকরা অব্যাহতি দেওয়া শিক্ষিকা সেলিমা বেগমকে স্বপদে ফেরানোর দাবিতে সন্ধ্যা থেকে উপ-উপাচার্য অধ্যাপক মো. এনামুল হক খানসহ স্কুলের পরিচালনা পর্ষদের সদস্যদের অবরুদ্ধ করে রেখে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্কুল শাখার একাধিক শিক্ষক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুল শাখার সিনিয়র শিক্ষিকা সেলিমা বেগমকে পরীক্ষা কমিটির আহ্বায়কের পদ থেকে অব্যাহতির প্রতিবাদে শনিবার সকাল থেকেই তারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন শুরু করেন।
তারা জানান, জুলাই মাসে স্কুল শাখার দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলার সময় কলেজ শাখার কয়েকজন শিক্ষক কোনো কারণ ছাড়াই পরিদর্শকের দায়িত্ব পালন করেননি। এজন্য অধ্যক্ষ তাদের কারণ দর্শানোর নোটিশ দেন।
পরে ওই শিক্ষকদের পক্ষ নিয়ে অন্য একজন শিক্ষক পরীক্ষা কমিটির আহ্বায়ক সেলিমা বেগমের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ ঘটনায় সেলিমা বেগম দুর্ব্যবহারকারী শিক্ষকের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে বিচার দেন।
এদিকে, স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা ৯ আগস্ট শুরু হয়। এরপর কোনো কারণ দর্শানো ছাড়াই ১৫ আগস্ট কলেজ কর্তৃপক্ষ পরীক্ষা কমিটির আহ্বায়কের পদ থেকে সেলিমা বেগমকে অব্যাহতি দেয়।
স্কুল শিক্ষকরা ১৬ আগস্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে এ ঘটনার প্রতিবাদ ও সেলিমা বেগমকে স্বপদে বহালের দাবি জানান।
কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় শিক্ষকরা শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন শুরু করেন।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ মো. মনসুর আলী মিয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারাই এর সমাধান করবেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/এসএনডি/২৩১১ ঘ.
bdnews24