রাজশাহী বিশ্ববিদ্যালয়, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শিবির নেতাদের হুমকির ঘটনায় মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বশখ্ হলের এক ছাত্র।
পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের ওই ছাত্র রুহুল আমিন বুধবার সাংবাদিকদের জানান, শিবির নেতাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় শিবিরকর্মীরা কয়েকদিন আগে তাকে হল থেকে বের হয়ে যেতে বলে। এর পরও হল ত্যাগ না করায় মঙ্গলবার রাতে হল শাখা শিবির সভাপতি আব্দুর রাজ্জাকসহ বেশ কয়েকজন নেতাকর্মী ১০১ নম্বর কক্ষে গিয়ে আগামী দুই দিনের মধ্যে হল না ছাড়লে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেয়।
তাই জীবনের নিরাপত্তা চেয়ে বুধবার তিনি মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি ও প্রাধ্যক্ষের কাছে আবেদন করেছেন বলে জানান রুহুল আমিন।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল মতিন তালুকদার এ ধরনের একটি লিখিত অভিযোগ পেয়েছেন স্বীকার করে সাংবাদিকদের বলেন, 'বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।"
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি দেলোয়ার হোসেন সাইদী বলেন, "এ ধরনের কোনো ঘটনার কথা আমার জানা নেই।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫৬ ঘ.
bdnews24