ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন্যাদূর্গতদের জন্য ত্রাণকাজ পরিচালনার জন্য এ বছর পর্যাপ্ত সাহায্য পাচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলো। সংগঠনগুলো দাবি করেছে, গণচাঁদা তুলতে না দেওয়া এবং চাঁদা তোলার সময় ব্যানার ব্যবহারে নিষেধাজ্ঞার কারণে সাধারণ মানুষের কাছ থেকে তেমন সাড়া মিলছে না।
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ত্রাণ পরিচালনা কমিটি ছাড়াও ১৩টি সাংস্কৃতিক ও ছাত্রসংগঠন এবার বন্যাদুর্গতদের সহায়তা কার্যক্রম চালাচ্ছে।
বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি রফিকুল ইসলাম সুজন সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংগঠনের ব্যানারে ত্রাণ কার্যক্রম চালাতে সরকার এখন বাধা না দিলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যানার ব্যবহার করতে দিচ্ছে না। টিএসসিতে টাঙানো সব ব্যানার রোববার তারা খুলে ফেলেছে। ব্যানার ব্যবহার করতে না পারায় সাধারণ মানুষের কাছ থেকে পর্যাপ্ত সাড়াও পাওয়া যাচ্ছে না।"
টিএসসির মুনীর চৌধুরী সম্মেলন কক্ষে ত্রাণ কার্যক্রম চালাচ্ছে সাংস্কৃতিক ইউনিয়ন। ইউনিয়নের ঢাবি সভাপতি মানবেন্দ্র দেব বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যানার না থাকায় সাধারণ মানুষ বুঝতে পারছে না কোথায় সাহয্য দিতে হবে। ফলে এবার আমাদের তহবিল খুবই সীমিত।"
তিনি জানান, টিএসসিতে খাওয়ার স্যালাইন তৈরি করছে সংগঠনের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা। বন্যাদূর্গত এলাকায় অন্যান্য খবারের চেয়ে খাওয়ার স্যালাইনের চাহিদা অনেক বেশি। তারা প্রতিদিন প^াচ হাজার প্যাকেট স্যালাইন করছেন, কিন্তু সেটাও অপ্রতুল।
জাসদ ছাত্রলীগের সাজ্জাদ হোসেনও জানান, বন্যাদুর্গত এলাকায় এ বছর যে ত্রাণ সমাগ্রী পাঠানো হচ্ছে তা প্রয়োজনের তুলনায় সামান্য।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ত্রাণকাজ পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক আকা ফিরোজ আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এর আগে বন্যাদুর্গত এলাকার নামে বিভিন্ন সংগঠন গণচাঁদা আদায় করেছে। চাঁদা আদায় নিয়ে বিভিন্ন সময়ে আপত্তিকর প্রশ্নও উঠছে। তাই স্বচ্ছতার জন্য এবার গণচাঁদা আদায় না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এফএইচবি/এসএনডি/১৯৩৬ ঘ.
bdnews24