ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের ফলে সাবেরা ইয়াসমীন পাপড়ি নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
পাপড়ি চারুকলার গ্রাফিক্স ডিজাইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী এবং কুয়েত-মৈত্রী হলের ১১২ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি বগুড়ায়।
নিহতের বান্ধবীরা জানান, পাপড়ী বুধবার দুপুরে বুয়েট ক্যাফেটারিয়ায় বসে অনেকগুলো ঘুমের ওষুধ খায়। এরপর আরেক বান্ধবীকে ফোন করে জানায় তার খারাপ লাগছে। দুপুর আড়াইটার দিকে ওই বান্ধবী পাপড়িকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তার পাকস্থলী পরিষ্কার (স্টমাক ওয়াশ) করেন। এরপর দুই ঘণ্টা সে ভাল ছিল। বিকেলে হঠাৎ করে তার অবস্থার অবনতি হলে সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আকা ফিরোজ আহমেদ বলেন, "চিকিৎসকরা আমাকে জানিয়েছেন, সে 'ক্রিপটিন' নামের অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছে। তার ব্যাগে ওষুধের খোসা পাওয়া গেছে। গত সপ্তাহেও সে এরকম ঘুমের ওষুধ খেয়ে ল্যাব এইড হাসপাতালে দুইদিন চিকিৎসাধীন ছিল।"
শাহবাগ থানার উপ-পরিদর্শক আখতার মোর্শেদ বলেন, "এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাপড়ির বন্ধু ও অভিভাবকরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যেতে চাইছেন। আমরা বলেছি বিষয়টি ম্যাজিস্ট্রেটের এখতিয়ারভুক্ত। তিনি ময়নাতদন্ত ছাড়া লাশ দেওয়ার অনুমতি দিলে আমারা লাশ দিয়ে দেব।"
ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক একেএম আব্দুর রহমান বলেন, "সে (পাপড়ি) ৬০টিরও বেশি ক্রিপটিন খেয়েছে। এ ওষুধটি দ্রুত রক্তের সঙ্গে মিশে যায়। কেউ ১০টির বেশি খেলেই তার মৃত্যু হতে পারে।"
কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ তাহমিনা আক্তার বলেন, ূপাপড়ির বান্ধবীরা তাকে জানিয়েছে, কয়েকদিন আগে তার বয়ফ্রেন্ড ফয়সাল তাকে মারধর করে। এ কারণে সে ঘুমের ওষুধ খেয়ে দুইদিন ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন ছিল।"
রাতে পাপড়ীর মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের হিমাগারে রাখা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/জিএমএ/জেকে/এমএইচবি/০০০৪ ঘ.
bdnews24