২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি হলে ভোটারদের তথ্য নিচ্ছে ছাত্রশিবির, সাংবাদিক লাঞ্ছিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রশিবিরের কর্মীরা রোববার চার সাংবাদিককে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2007, 02:10 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রশিবিরের কর্মীরা রোববার চার সাংবাদিককে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভোটার হওয়ার জন্য হলের আবাসিক ছাত্রদের শিবির সভাপতির কক্ষে তথ্য জমা নির্দেশ সংক্রান্ত একটি নোটিশের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে শিবির কর্মীরা হামলা চালায় বলে দাবি করেছেন আহত সাংবাদিকরা। নাম প্রকাশে অনিচ্ছুক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা জানান, হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে না জানিয়ে শিবির সভাপতির মোবারক হোসেনের ২২৬ নম্বর কক্ষে ভোটারদের তথ্য সংগ্রহের কাজ চলছে। এরই অংশ হিসাবে শনিবার রাতে ছাত্রশিবিরের মনোগ্রাম লাগানো একটি নোটিশ হলের বিভিন্ন স্থানে টাঙিয়ে দেওয়া হয়। নোটিশটিতে মোবারক হোসেনের কক্ষে গিয়ে তথ্য জানানোর জন্য আবাসিক ছাত্রদের নির্দেশ দেওয়া হয়। শিক্ষার্থীরা জানান, হলের শিবির সভাপতি মোবারক হোসেন শনিবার রাতে হলের টিভি রুম ও মসজিদে ঘোষণা দিয়েও সাধারণ ছাত্রদের ভোটার হওয়ার আহ্বান জানান। এ খবর পেয়ে রোববার বেলা সাড়ে ১১টার দিকে দৈনিক যুগান্তরের রাজশাহীর ফটোসাংবাদিক আবদুল্লাহ ইকবাল ও রাবি প্রতিনিধি জোহায়ের ইবনে কলিম ২২৬ নম্বর কক্ষে গিয়ে ছাত্রশিবিরের প্রচার করা নোটিশের ছবি তোলেন। তারা ফিরে আসার সময় হলের শিবির কর্মী ফরহাদ, আবুল কালাম আজাদ, রাসেল সাংবাদিক ইকবাল ও জোহাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে প্রাধ্যক্ষের কক্ষে আটকে রাখে। এ ঘটনা জানতে পেরে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা হলে গিয়ে অবরুদ্ধ সহকর্মীদের উদ্ধারের চেষ্টা করেন। তারা হল প্রশাসনের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেন। কিন্তু শিবির কর্মীরা এ সময় সাংবাদিকদের ওপর দ্বিতীয়বারের মতো হামলা চালায়। তারা সমকালের রাবি প্রতিনিধি মেহেরুল হাসান সুজন ও ভোরের কাগজের সালাউদ্দিন সুমনকে লাঞ্ছিত করে। দ্বিতীয় দফা হামলার সময় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর এ প্রতিনিধিও ঘটনাস্থলে ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হলের প্রাধ্যক্ষ, মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করেন। এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নুরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শিবির সভাপতির কক্ষে যে ভোটার তালিকা তৈরির কাজ চলছে তা হল প্রশাসন জানে না। তিনি দাবি করেন, ছবি তোলা নিয়ে সাংবাদিকদের সঙ্গে হলের 'কিছু ছাত্রের ভুল বোঝাবুঝি' হয়েছিলো। পরে বিষয়টি মীমাংসা করা হয়েছে। এদিকে, বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. এনামুল হক জানান, ভোটার তালিকা করার বিষয়ে ছাত্র শিবির বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্ব দিয়ে দেখছে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদও প্রশাসনের অনুমতি না নিয়ে হলে ভোটার তালিকা তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখার শিবির সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর কাছে দাবি করেন, ভোটার তালিকা করার নোটিশ টাঙানো বা সাংবাদিক লাঞ্ছনার সঙ্গে ছাত্রশিবির জড়িত নয়। নোটিশটি সাবোটাজের উদ্দেশে অন্য কেউ টাঙিয়েছে বলেও তিনি দাবি বলেন। তিনি বলেন, সাংবাদিকদের হামলাকারী ফরহাদ, আবুল কালাম আজাদ ও রাসেল ছাত্রশিবিরের সমর্থক হতে পারে, তবে তারা কেউ সংগঠনের সদস্য নয়। অনুমতি ছাড়া কক্ষের ছবি তোলায় তারা সাংবাদিকদের ওপর চড়াও হয়েছিল বলে তিনি শুনেছেন। বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হল শাখা শিবিরের সভাপতি মোবারক হোসেনও ঘটনার সঙ্গে শিবিরের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। এদিকে শিবির কর্মীদের হাতে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাজশাহী ফটোসাংবাদিক এসোসিয়েশন, রাবি শাখা ছাত্রলীগ, রাবি ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট বিবৃতি দিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৯০৪ ঘ.