২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক সংকটের কারণে জগন্নাথ সেশন জট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকটের কারণে সেশন জট সৃষ্টি হয়েছে। শিক্ষকের অপ্রতুলতায় অনেক বিভাগে নিয়মিত ক্লাস হচ্ছে না। সেমিস্টার পদ্ধতিতে চালু হওয়া শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। ফলে শিক্ষাজীবন শেষ হওয়া নিয়ে দুচিন্তায় ভুগছেন ছাত্ররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2007, 10:27 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকটের কারণে সেশন জট সৃষ্টি হয়েছে। শিক্ষকের অপ্রতুলতায় অনেক বিভাগে নিয়মিত ক্লাস হচ্ছে না। সেমিস্টার পদ্ধতিতে চালু হওয়া শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। ফলে শিক্ষাজীবন শেষ হওয়া নিয়ে দুচিন্তায় ভুগছেন ছাত্ররা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদে মোট ৩০ হাজার ছাত্র-ছাত্রীর জন্য রয়েছে মাত্র ২৭৮ জন শিক্ষক। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর নিয়মানুযায়ী প্রতি ২০ জন শিক্ষার্থীর বিপরীতে এক জন শিক্ষক থাকার কথা । আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকপিছু ছাত্রসংখ্যা ১০৮। চলতি সেমিস্টারে আরও ৩ হাজার শিক্ষার্থী ভর্তি হলে শিক্ষার্থী- শিক্ষক অনুপাত দাঁড়াবে ১১৯:১ । শিক্ষকদের মধ্যে অনেকে উচ্চ শিক্ষায় গবেষণা ছুটিতে থাকায় সংকট আরও প্রকট আকার ধারণ করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস আই খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সেমিস্টার পদ্ধতির কারণে শিক্ষক সংকট দেখা দিলেও তা ধীরে ধীরে কাটিয়ে ওঠার ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিসেম্বরের আগে ৬২ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এছাড়া আগামী বাজেটে আরও ১০০ জন শিক্ষক নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। পুরনো ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা অনুষদের ৪টি বিভাগে ছাত্র-শিক্ষকের ব্যবধান সবচেয়ে বেশী। এ অনুষদে শিক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৬৩০ জন। আর শিক্ষক হচ্ছেন মাত্র ৪১ জন। গড় হিসাবে ১৮৬ জন শিক্ষার্থীর জন্য রয়েছেন ১ জন শিক্ষক। সামাজিক অনুষদে সাড়ে ৭ হাজার শিক্ষার্থীর বিপরীতে আছেন ৫১ জন শিক্ষক। অর্থাৎ গড়ে প্রায় ১৩২ জন শিক্ষার্থীর বিপরীতে ১ জন শিক্ষক । কলা অনুষদে ৬টি বিভাগে প্রায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর জন্য শিক্ষকের সংখ্যা মাত্র ৭৬ । বিজ্ঞান অনুষদের ৮টি বিভাগে ৬ হাজার ৬০৯ জন শিক্ষার্থীর জন্য ১১০ জন শিক্ষক রয়েছেন। শিক্ষক সংকট নিরসনে শিক্ষার্থীরা একাধিকবার আন্দোলন করেও কোনো ফল পায়নি। সর্বশেষ গত ২৩ জানুয়ারি শিক্ষক সংকট সমাধানসহ ৭ দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনের কর্মসূচি পালন করেছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এসএম/এসকে/ ১৫৩০ ঘ.