২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীর পরীক্ষার খাতা লিখে দেওয়ায় চবি শিক্ষকের পদাবনতি

ছাত্রীর পরীক্ষার খাতায় লিখে দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মিল্টন বিশ্বাসকে সহকারী অধ্যাপক থেকে প্রভাষক পদে অবনমন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2007, 05:26 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

চট্টগাম, জুলাই ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ছাত্রীর পরীক্ষার খাতায় লিখে দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মিল্টন বিশ্বাসকে সহকারী অধ্যাপক থেকে প্রভাষক পদে অবনমন করা হয়েছে। সিন্ডিকেট সদস্য অধ্যাপক সুলতান আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকেলে সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী তিন বছর মিল্টন বিশ্বাস প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য আবেদন করতে পারবেন না। পদাবনতির পাশাপাশি তাকে পরবর্তী ১০ বছর পরীক্ষা সংক্রান্ত সব ধরনের কার্যক্রম থেকে বিরত রাখারও নির্দেশ দিয়েছে সিন্ডিকেট। অভিযোগ ওঠার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট এই সিদ্ধান্ত নেয়। আইন অনুষদের ডিন মো. জাকির হোসেন জানান, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট শিক্ষক বা কর্মচারীদের বিরুদ্ধে পদাবনতিসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। এদিকে, প্রভাব খাটিয়ে ও টাকা নিয়ে জালিয়াতির মাধ্যমে বিশ্ববিদ্যালয় স্কুলে অবৈধভাবে ছাত্র ভর্তির দায়ে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের কর্মচারী ও কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নাজিম উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের একজন গাড়ি চালকের স্ত্রীকে চাকরি দেওয়ার নাম করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগও প্রমাণিত হয়েছে। সিন্ডিকেটের শনিবারের বৈঠকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/টিএইচ/জেকে/২১৪৯ ঘ.