ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই ছাপার জন্য সাড়ে তিন হাজার মেট্রিক টন কাগজ কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের জানান, "বিশ্বব্যাংকের অর্থায়নে এ কাগজ কেনা হবে।"
এছাড়া দুই কিস্তিতে ডিএপি সারের কাঁচামাল হিসেবে ৫০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড কেনার প্রস্তাবও করা হয়েছে বলে তিনি জানান।
উপদেষ্টা বলেন, অর্থ মন্ত্রণালয় ২০ কোটি পিস দুই টাকা মূল্যের ধাতব মুদ্রা কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু বিশ্ব বাজারে ধাতুর দাম বেড়ে যাওয়ায় এ প্রস্তাব অনুমোদন করা হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/আরএ/এসএনডি/১৭০১ ঘ.
bdnews24