২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঞ্জুরি কমিশনের তদন্ত কমিটি নিয়ে আপত্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতি তদন্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠন করা তদন্ত কমিটি নিয়ে আপত্তি তুলেছেন ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিন্ডিকেট সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2007, 12:29 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জুলাই ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতি তদন্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠন করা তদন্ত কমিটি নিয়ে আপত্তি তুলেছেন ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিন্ডিকেট সদস্যরা। আপত্তির কথা লিখিতভাবে মঞ্জুরি কমিশনকে জানিয়ে ওই কমিটিকে কোনও ধরনের সহায়তা না করার সিদ্ধান্তও নিয়েছেন তারা। উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "নতুন এ তদন্ত কমিটির ব্যাপারে আমরা লিখিত আপত্তি কমিশনকে জানিয়েছি। কমিশন আপত্তি আমলে না নিলে কী করব, তা সিন্ডিকেট ঠিক করবে।" চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনিয়ম ও দূর্নীতি তদন্তে এটা মঞ্জুরি কমিশনের দ্বিতীয় কমিটি। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় ১৮ থেকে ২০ মার্চ পর্যন্ত কমিশনের আরেকটি তদন্ত কমিটি তদন্ত করে কমিশনের মাধ্যমে তদন্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে। আগের তদন্ত কমিটির বেলায়ও বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য আপত্তি তুলেছিলেন। বিগত জোট সরকারের নিয়োগ পাওয়া কমিশন সদস্যদের তদন্ত কমিটিতে রাখায় তারা আপত্তি তোলেন। এবারও একই কথা বলছেন সিন্ডিকেট সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য হেলাল উদ্দিন নিজামী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিগত বিএনপি জামায়াত জোট সরকারের মদদপুষ্ট কোনও কমিশন সদস্য তদন্ত কমিটিতে থাকলে আমরা স্বাগত জানাবো না।" তিনি বলেন, "আগে একবার তদন্ত করতে এসে কমিটির সদস্যরা নিজেরাই বিতর্কিত হয়েছেন। তাছাড়া সে প্রতিবেদনের বিষয়েও আমাদের জানানো হয়নি।" মাত্র তিনমাসের মাথায় আরেকটি তদন্ত কমিটির প্রয়োজন হলে আগের তদন্ত কমিটি কী তদন্ত করল- এ প্রশ্ন তুলে জনাব নিজামী বলেন, "নতুন তদন্ত কমিটি চট্টগ্রামে এলে বিশ্ববিদ্যালয়ে চা খাওয়ার আমন্ত্রণ পেতে পারে। তদন্তের জন্য তারা কোনও সহযোগিতা পাবে না।" তবে মঞ্জুরি কমিশনের বর্তমান চেয়ারম্যানের নেতৃত্বে কোনও তদন্ত কমিটি হলে তাকে স্বাগত জানানোর কথা বলেছেন হেলাল নিজামী। এদিকে তদন্ত কমিটির ব্যাপারে আপত্তি তোলায় কমিশন এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, তদন্ত কমিটির বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আপত্তিপত্র পেয়েছি এবং তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।" একইসঙ্গে তিনি বলেন, "তদন্ত কমিটি যাওয়া না যাওয়া বিশ্ববিদ্যালয়ের চাওয়ার ওপর নির্ভর করে না। এ বিষয়ে কমিশনের সিদ্ধান্তই চুড়ান্ত।" তিন সদস্যের নতুন তদন্ত কমিটির আহ্বায়ক হচ্ছেন মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক সুলতান হোসেন, অধ্যাপক তারেক শামসুর রহমান ও কমিশন কর্মকর্তা শামসুল আলম। এদের মধ্যে সুলতান হোসেন এবং তারেক শামসুর রহমান আগের কমিটিরও সদস্য ছিলেন। তারেক শামসুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা নিজে থেকে তদন্ত কমিটি করিনি। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশেই দুটি তদন্ত কমিটি করা হয়েছে। তাই এ তদন্ত কমিটি নিয়ে কমিশন সদস্যদের জড়িয়ে কোনও বিতর্কের সুযোগ নেই। তদন্ত কমিটিকে সহযোগিতা না করার দায় দায়িত্ব বিশ্ববিদ্যালয়কেই নিতে হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচএস/এমআই/১৮০১ ঘ.