২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অশিক্ষা, দারিদ্র্য ও দুর্নীতির বিরুদ্ধে জাতীয় আন্দোলন গড়ে তুলুন: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় অশিক্ষা, দারিদ্র্য ও দুর্নীতির বিরুদ্ধে জাতীয় আন্দোলন গড়ে তোলার তাগিদ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2007, 03:42 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় অশিক্ষা, দারিদ্র্য ও দুর্নীতির বিরুদ্ধে জাতীয় আন্দোলন গড়ে তোলার তাগিদ দিয়েছেন। তিনি আর্থ সামাজিক ক্ষেত্রে দ্রুত উন্নয়নের জন্য সমন্বিত উদ্যোগ নিতে সব ধরনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষে এগিয়ে আসার আহ্বান জানান। মঙ্গলবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) এগারোতম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৪২৪ জন শিক্ষার্থীর মধ্যে ৩৭৫ জনকে বিবিএ ও ৪৯ জনকে এমবিএ ডিগ্রি দেওয়া হয়। তিনজন শিক্ষার্থীকে স্বর্ণপদকও দেন রাষ্ট্রপতি। এতে পক্ষাঘাত চিকিৎসা কেন্দ্র সিআরপির প্রতিষ্ঠাতা ভেলরী টেইলরকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদরী, আইইউবি উপাচার্য অধ্যাপক বজলুল মবিন চৌধুরী, উপ - উপাচার্য এম. ওমর রহমান প্রমুখ। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ এরই মধ্যে ক্ষুদ্রঋণ, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসম্মত পয়ঃনিস্কাশন ব্যবস্থা, টেলিযোগাযোগ, গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন- ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ২০০৬ সালে ড. ইউনূসের নোবেল পুরস্কার বিজয় আন্তর্জাতিক ক্ষেত্রে উজ্জ্বল করেছে দেশের ভাবমূর্তি। এরই প্রেক্ষাপটে আমাদের এখন বাস্তবতার ওপর ভিত্তি করে নতুন সম্ভবনাগুলো চিহ্নিত করতে হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসএনডি/২১৩৭ ঘ.