ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের প্রতিষ্ঠার উদ্দেশে ১০০ একর জমির ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট।
দুদিন ব্যাপী বাজেট অধিবেশনের সমাপনী দিনে এই আহ্বান জানানো হয়। এ সংক্রান্ত একটি প্রস্তাবনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিগগিরই সরকারের কাছে পাঠানো হবে।
মঙ্গলবার উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ তার অভিভাষণে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের প্রয়োজনীয়তার ব্যাপারে সিনেটরদের দৃষ্টি আকর্ষণ করেন।
বুধবার উপ-উপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দার তার সমাপনী বক্তব্যে বলেন, "বিদ্যমান বাস্তবতার আলোকে, প্রয়োজনের নিরিখে এবং তুলনামূলক সুবিধাদি বিবেচনা করে নতুন ক্যাম্পাস খোলা জরুরি হয়ে পড়েছে।"
তিনি দ্বিতীয় ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য গাজীপুর বা উত্তরা এলাকায় ১০০ একর জমির ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আহ্বান জানালে উপস্থিত সিনেটররা করতালির মাধ্যমে এ প্রস্তাবের প্রতি সমর্থন জানান।
এই অধিবেশনে আগামী ২০০৭-০৮ অর্থ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ১৪২ কোটি ৪৫ লাখ টাকার বাজেট অনুমোদন ছাড়াও সিন্ডিকেট, ফাইন্যান্স কমিটি ও ট্রাইবুন্যাল কমিটিতে কয়েকজন নতুন সদস্যও নিয়োগ দেওয়া হয়।
বিশিষ্ট শিক্ষাবিদ কোটায় অধ্যাপক সৈয়দ আবুল কালাম মনজুর মোর্শেদ, রেজিস্টার্ড গ্রাজুয়েট কোটায় প্রাণ রসায়ন বিভাগের অধ্যাপক লায়লা নূর ও বিশিষ্ট নাগরিক কোটায় সাংবাদিক সাদেক খানকে সিন্ডিকেট সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ফাইন্যান্স কমিটিতে সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক শামসুদ্দিন আহমেদ।
এছাড়া নতুন করে গঠন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত ট্রাইবুন্যাল কমিটি। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দারকে সভাপতি করে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক আব্দুস সাত্তার, বাংলা বিভাগের অধ্যাপক শাহজাহান মিঞা, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক তাহমিনা আক্তার টফি, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবুল হাসনাত এবং পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. লুৎফর রহমান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ জেএফ/এসএইচ/২২১১ ঘ.
bdnews24