নোয়াখালী, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে ছাত্রছাত্রীদের টানা সাত দিনের আন্দোলনের পর শনিবার বিশ্ববিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে শুক্রবার রাতে ছাত্রছাত্রীদের হাতে অবরুদ্ধ চার শিক্ষককে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ উদ্ধার করে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকাল আটটার মধ্যে ছাত্র-ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দিলেও ছাত্রছাত্রীরা বেলা সাড়ে ১১টা পর্যন্ত হল ও ক্যাম্পাস ছাড়েননি।
এদিকে, ছাত্রছাত্রীরা অভিযোগ করেছেন, শুক্রবার রাতে হলে পুলিশের লাঠিচার্জে দিপু, অ্যাঞ্জেল, কবির, ও আকাশসহ আট ছাত্র আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবুল খায়ের জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং ছাত্র-ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসি/১২০৮ ঘ.
bdnews24