জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ডাইনিংয়ের খাবারের দাম বাড়ানোর প্রতিবাদে রোববার নতুন কর্মসূচি ঘোষণা করবে আন্দোলনরত শিক্ষার্থীরা। খাবারের দাম কমানোর জন্য প্রশাসনকে দেওয়া শনিবার শেষ হলেও কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অটল রয়েছে।
সূত্র জানায়, বিষয়টি নিয়ে শনিবার রাতে উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানের সঙ্গে আলোচনায় বসে প্রাধ্যক্ষ পর্ষদ। ওই সভায় খাবারের বর্ধিত মূল্য প্রত্যাহার না করার সিদ্ধান্ত হয়।
এর আগে প্রাধ্যক্ষ পর্ষদ সদস্যরা প্রীতিলতা হলে একটি সভা করে। সভা শেষে হলের শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে সিদ্ধান্ত জানতে চায়। কিন্তু শিক্ষকরা সিদ্ধান্ত না জানিয়ে যেতে চাইলে ছাত্রীরা তাদের আধা ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
বিষয়টি স্বীকার করে খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ ড.মনজুর ইলাহী বলেন, "সিদ্ধান্ত পরে জানানো হবে বলে ওই পরিস্থিতিতে শিক্ষার্থীদের জানানো হয়েছে।"
এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শনিবার আল বেরুনী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক লুৎফল হাই জামীকে অব্যাহতি দিয়ে অধ্যাপক মোজাম্মেল হককে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।
খাবারের দাম বাড়ানোর প্রতিবাদে ১১ জুন থেকে শিক্ষার্থীরা হল ডাইনিং এর কুপন কেনা বয়কট করে আসছে। ফলে ছয় দিন ধরে হলগুলোর ডাইনিং বন্ধ।
গত ১৭ মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রীষ্মকালীন ছুটির মধ্যে ডাইনিং এর প্রতিবেলা খাবারের মূল্যে ৮ টাকা থেকে বাড়িয়ে ১২ টাকা করার সিদ্ধান্ত নেয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০২ ঘ.
bdnews24