২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'অশালীন' ই-মেইলের জন্য ছাত্রত্ব বাতিল

শিক্ষককে 'অশালীন' ই-মেইল করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর এমবিএ ভর্তি বাতিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 02:05 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শিক্ষককে 'অশালীন' ই-মেইল করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর এমবিএ ভর্তি বাতিল করা হয়েছে। প্রক্টর অফিসের কর্মকর্তারা জানান, ১৭ মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদ সভার সুপারিশ অনুযায়ী ৫ জুনে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইনস্টিটিউটের সহকারি অধ্যাপক সৈয়দ মুনীর খসরুকে অশালীন ই-মেইল করার অভিযোগে এমবিএ নৈশ প্রোগ্রামের ছাত্র ইফতেখার হাসানের ভর্তি বাতিল করা হয়। নৈশ প্রোগ্রাম এমবিএ ৩৯ নম্বর ব্যাচের ছাত্র মো. ইফতেখার হাসানের ভর্তি বাতিলসহ ভবিষ্যতে আর কখনো তিনি ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটে ভর্তি হতে পারবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সহকারী অধ্যাপক সৈয়দ মুনীর খসরুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টিতে একটি পক্ষ হওয়ায় তিনি কোনো কথা বলবেন না। প্রক্টর অধ্যাপক আকা ফিরোজ আহমেদকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "এ ধরণের আচরণের জন্য কোনো লিখিত শাস্তির বিধান নেই। সাইবার ক্রাইমে কেউ যাতে উৎসাহিত হতে না পারে তাই দৃষ্টান্ত রাখতে এ ধরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" তিনি বলেন, এ ঘটনায় প্রথমে বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হয়েছিলো। এরপর তা শৃঙ্খলা পরিষদের সুপারিশ অনুযায়ী সিন্ডিকেটে কার্যকর করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/১৯৫৬ ঘ.