রাজশাহী, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(রুয়েট) আবারও একটি ভুয়া বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার যাত্রী ছাউনীর পাশে রাখার ওই বোমার সঙ্গে থাকা কাগজে জাদিদ আল কায়দার নামে মতিহারসহ নগরীর সব থানা উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
গত দু'মাসে এনিয়ে ক্যাম্পাসে ষষ্ঠবারের মতো বোমা বা বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হলো।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বোমাটির সঙ্গে থাকা কাগজে জাদিদ আল কায়দার উদ্ধৃতি দিয়ে লেখা ছিল, "সংগঠনের কোনও সদস্যকে পুলিশ আটক করলে মতিহার থানাসহ নগরীর সংশ্লিষ্ট থানা বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।"
মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, উদ্ধারকৃত বোমাটির মধ্যে বিস্ফোরক ছিল না। আতঙ্ক সৃষ্টির জন্য কেউ এটি ফেলে রাখতে পারে।
মতিহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদও ভুয়া বোমা উদ্ধারের বিষয়টি স্বীকার করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৬৩৪ ঘ.
bdnews24