ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চার শিক্ষককে অনির্দিষ্টকাল পরীক্ষা সংক্রান্ত কোনও কমিটিতে না রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন উপাচার্য এস এম এ ফায়েজ।
চার শিক্ষকই ৫২ শিক্ষার্থীর প্রথম শ্রেণি পাওয়ার বহুল বিতর্কিত ওই পরীক্ষা কমিটিতে ছিলেন। তারা হলেন, ওই কমিটির সভাপতি অধ্যাপক আতাউর রহমান, বিভাগের বর্তমান চেয়ারম্যান ড. আবদুল ওদুদ ভুঁইয়া, অধ্যাপক শহীদুল হক মুন্সী ও অধ্যাপক কে এম শহীদুল্লাহ। এর মধ্যে অধ্যাপক শহীদুল্লাহ অবসর প্রস্তুতিকালীন ছুটিতে রয়েছেন।
রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ২০০৩ সালের স্নাতকোত্তর ফলাফলে দেখা যায়, ৫২ জন প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন। ২০০৪ সালে ওই ফল প্রকাশের পর তা নিয়ে ব্যাপক সমালোচনা উঠে। এর পরিপ্রেক্ষিতে ২০০৬ সালে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত কমিটি প্রশ্নপত্র ফাঁস বা নম্বরপত্রে কাটাকাটির কোনও প্রমাণ পায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। তবে টেবুলেশন শিটে ভুল থাকায় প্রথম শ্রেণি পাওয়া তিন জনের নাম দ্বিতীয় শ্রেণিতে এবং দ্বিতীয় শ্রেণি পাওয়া তিন জনের নাম প্রথম শ্রেণিতে দেখানো হয় বলে ওই সূত্র জানায়।
এ বিষয়ে এস এম এ ফায়েজ বলেন, "শুধুমাত্র টেবুলেশন সিটই নয়। সব নম্বরই খতিয়ে দেখা হয়েছে।"
এদিকে, এ বিষয়ে কয়েক মাস আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানতে চাওয়া হয়। কর্তৃপক্ষ তার কোনও জবাব দিয়েছে কিনা জানতে চাইলে উপাচার্য প্রশ্ন এড়িয়ে বলেন, "সবকিছুই সম্মানজনক অবস্থান থেকে সুন্দরভাবে সমাধান করা হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/২০২৩ ঘ.
bdnews24