ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধ পন্থায় ভর্তির দায়ে ৭৭ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। এ ছাড়া ভর্তি বাতিলের ব্যাপারে নোটিশ দেওয়া হয়েছে ৮২ জনকে। পাশাপাশি এ অবৈধ প্রক্রিয়ায় জড়িত কর্মকর্তা--কর্মচারীদের চিহ্নিত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার রাতে সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে উপাচার্য এস এম এ ফায়েজ জানিয়েছেন।
ভর্তি বাতিল হওয়াদের মধ্যে ৪৫ জন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী। বাকিদের ২২ জন অর্থনীতি, নয় জন আন্তর্জাতিক সম্পর্ক এবং এক জন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের।
এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট হলগুলোকে বলা হয়েছে।
অবৈধ পন্থায় ভর্তি প্রক্রিয়ায় জড়িতদের চিহ্নিত করতে গঠিত কমিটির সদস্যরা হলেন সিন্ডিকেট সদস্য সাদেক খান, শামসুজ্জামান দুদু, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন এবং আইন অনুষদের ডিন বোরহানউদ্দিন খান।
অবৈধ পন্থায় ভর্তির বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলে জানিয়েছেন উপাচার্য এস এম এ ফায়েজ।
এছাড়া সিন্ডিকেট সভায় বিভিন্ন বিভাগের আরও ৮২ জনকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। তাতে কর্তৃপক্ষকে তাদের ভর্র্তিসহ শিক্ষাগত যোগ্যতার সব কাগজপত্র দেখাতে বলা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/জেএফ/এমআই/এমএইচবি/১৯৪২ ঘ.
bdnews24