২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্লাস ফাঁকি’ আর ‘ক্লাসে ফাঁকি’

‘ক্লাস ফাঁকি’ বা ‘ক্লাসে ফাঁকি’ দিয়েই কাটিয়ে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক। তাদের একটি অংশ নিয়মিত ক্লাশ নেন না। আরেক অংশ ক্লাশ নিলেও ঠিকমতো পড়াতে ব্যর্থ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক প্রথমটিকে ‘ক্লাস ফাঁকি’ ও দ্বিতীয়টিকে ‘ক্লাসে ফাঁকি’ বলে মন্তব্য করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2007, 11:39 AM

Updated : 26 Apr 2022, 02:22 PM

এ মন্তব্যের সঙ্গে একমত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষকের মেধা ও যোগ্যতায় ঘাটতি থাকলে শিক্ষার্থীরা বঞ্চিত হবেই। বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ে অনিয়মের মাধ্যমে অযোগ্যদের নিয়োগ দেওয়া হয়েছে। এর জের বহুদিন চলবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত থাকার কারণে নির্ধারিত ক্লাসে তারা সচেতন বা অবচেতনেভাবে ফাঁকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন, অভিযোগ খোদ শিক্ষকদেরই।

শিক্ষার্থীরাও এটি সমর্থন করছেন। শিক্ষকদের ক্লাস না নেওয়ার প্রবণতা কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে অনেক বেশি। কিছুটা কম বিজ্ঞান অনুষদে। এছাড়া শিক্ষকদের একটি অংশ ক্লাসে পড়াতে পারেন না এমন অভিযোগ পাওয়া গেছে সব বিভাগেই।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা জানান, অন্য সব কোর্সের ১০--১২টি ক্লাস হলেও এখনো জেন্ডার কমিউনিকেশন কোর্স পড়ানোই শুরু হয়নি। বিজ্ঞাপন কলা কোর্সের তাত্ত্বিক ক্লাস হলেও ব্যবহারিক কোর্সের ক্লাশ হচ্ছে না। এ দুটি কোর্স পড়ানোর কথা বিভাগের সহকারী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরীর।

এছাড়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনেক আগে অবসরে যাওয়া অধ্যাপক ড. শামসুল হুদা হারুন এ বিভাগে খ-কালীন শিক্ষক হিসেবে পড়ান। অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন ক্লাস নিতে পারেননি।

বিভাগের আরেক অধ্যাপক কাজী আবদুল মান্নান অর্থনীতি রিপোর্টিং ক্লাস ঠিকমতো না নেওয়ায় শিক্ষার্থীরা এপ্রিলের শেষ দিকে বিভাগের সভাপতির কাছে অভিযোগ করেন। এরপর থেকে অবশ্য তিনি নিয়মিত পড়াচ্ছেন।  এ বিভাগের আরও কয়েকজন শিক্ষক ক্লাশে অনিয়মিত এবং কেউ কেউ ঠিকমত পড়াতে পারেন না বলে অভিযোগ আছে শিক্ষার্থীদের। 

এসব অভিযোগ সম্পর্কে বিভাগের সভাপতি অধ্যাপক শেখ আবদুস সালাম শুক্রবার নফহবংি২৪.পড়স কে বলেন, সাবরিনা সুলতানা চৌধুরী কিছুদিন ছুটিতে ছিলেন। এরপর ক্লাস শুরু করেছেন বলে তিনি জানতেন। ক্লসে তার না যাওয়া সম্পর্কে শিক্ষার্থীরা তাকে কিছু জানায়নি। বিষয়টি এখন তিনি খোঁজ নিয়ে দেখবেন।

অধ্যাপক হুদার ব্যাপারে তিনি বলেন, বয়স হলেও তার মতো শিক্ষক ছাত্র--ছাত্রীদের জন্য বেশি প্রয়োজন। খ-কালীন হিসেবে অন্য শিক্ষকদের বছর হিসেবে নিয়োগ দেওয়া হলেও অধ্যাপক হুদাকে অনেকটা স্থায়ী পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয়েছে।

বিভাগের ক্লাসগুলো সম্পর্কে নিয়মিত খোঁজ খবর নেওয়ার পরও সমস্যা পুরোপুরি নিরসণ সম্ভব হচ্ছে না বলে তিনি অবশ্য স্বীকার করেন।

ফিনান্স বিভাগে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত ক্লাস বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। রাজনৈতিক অচলাবস্থার কারণে গত বছরের শেষ দিকে দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে। জরুরি অবস্থা জারির পর জানুয়ারি থেকে ক্লাস শুরু হলেও মাত্র দেড় মাসের মধ্যেই আবারও দীর্ঘ অনির্ধারিত বন্ধ শুরু হয় সেখানে। ফলে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা অনুষদের অন্য বিভাগগুলোর সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন।

বিভাগের শিক্ষক অধ্যাপক এ এ মাহবুব উদ্দিন চৌধুরী জানান, সান্ধ্যকালীন এমবিএ কোর্সের ক্লাশ হয়েছে। তবে নিয়মিত শিক্ষার্থীদের ক্লাশ মাস খানেক হয়নি।

বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী নফহবংি২৪.পড়স কে বলেন, অভ্যন্তরীণ সমস্যায় সাময়িকভাবে ক্লাস হয়নি। তবে শিক্ষার্থীদের ঘাটতি পূরণের ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ২০০৬ সালে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের øাতকোত্তর ব্যাচের ক্লাস শেষ না করেই পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা সে সময় যথাযথভাবে ক্লাস শেষ করার পর পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছিলেন। লিখিত আবেদনে তারা দেখান, একশ নম্বরের কোর্সের জন্য ৬০টি ক্লাস হওয়ার কথা থাকলেও সর্বোচ্চ ৪৫টি ক্লাস হয়েছে। আর ৫০ নম্বরের কোর্সের জন্য ৩০টি ক্লাস হওয়ার বিধান থাকলেও হয়েছে সর্বোচ্চ ১৯টি।

অন্যদিকে, কলা অনুষদের ১৯ টি বিভাগের ফাউন্ডেশন কোর্সের কোনো ক্লাস ছাড়াই পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের দাবির মুখে পরে অবশ্য পরীক্ষা পিছিয়ে ক্লাস নিয়েছেন শিক্ষকরা। বাংলা বিভাগের অধীনে এ কোর্সটি পরিচালিত হয়। এ ঘটনায় তখনকার বিভাগীয় সভাপতি অধ্যাপক লুৎফর রহমানের বিরুদ্ধে ওঠা গাফিলতির অভিযোগ তদন্তে কমিটি হলেও তারা এখনো প্রতিবেদন দেয়নি।

শিক্ষকদের বিরুদ্ধে ক্লাসে গাফিলতির অভিযোগের ব্যাপারে উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, একাডেমিক বিষয়ে বিভাগ পুরোপুরি স্বাধীন। ক্লাসের বিষয়টি বিভাগীয় প্রধান এবং ডিন দেখভাল করেন। কেবল গুরুতর সমস্যা হলেই বিষয়গুলো উপাচার্যের নজরে আনা হয় এবং তখন তিনি ব্যবস্থা নেন।