২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষাবর্ষের সাড়ে চার মাস পরেও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা বই পায়নি

চলতি শিক্ষাবর্ষের সাড়ে চার মাসের বেশি সময় পার হয়ে গেলেও মাধ্যমিক স্তরের ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি পাঠ্যবই। বই প্রকাশ করা নিয়ে লেজে গোবরে অবস্থা চলছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মারুফ মল্লিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 12:32 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

চলতি মাসের শেষে নতুন বই বাজারে আসবে বলে কর্তৃপক্ষ দাবি করলেও ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য ৫৮ বিষয়ে প্রায় ১০ লাখ বই ছাপানোর পুরো প্রক্রিয়া এখনো শেষ হয়নি। বিস্তারিত জানাচ্ছেন মারুফ মল্লিক।

ইংরেজি মাধ্যমের শিক্ষকরা জানান, পুরনো বছরের বই এখন শিক্ষার্থীদের সম্বল। অনেক বই বাজারে না থাকায় সেগুলো বেশি দামে ফটোকপি করে পড়তে হচ্ছে। নীলক্ষেত থেকে ফটোকপি করা ৬ষ্ঠ শ্রেণীর ইসলামিয়াত বই বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকায়। অথচ বোর্ডের বইয়ের দাম ২৫ টাকা।

শিক্ষকরা অভিযোগ করেন, পুরনো বই বিভিন্ন ভুলে ভরা। এছাড়া বাংলা মাধ্যমের অনেক অধ্যায় সেখানে নেই। অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়ে বাংলা মাধ্যমে অধ্যায় ২৬টি হলেও ইংরেজিতে তা ২৫টি। একইভাবে সপ্তম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়ে বাংলা অধ্যায় ২৫টি। ইংরেজিতে এর সংখ্যা ২৩। বাধ্য হয়ে এসব অধ্যায় শিক্ষকরা নিজেদের উদ্যোগে অনুবাদ করে শিক্ষার্থীদের দিচ্ছেন।

বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সায়মা বানু বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “বই না থাকায় শিক্ষার্থীদের ফটোকপি দিচ্ছি। নতুন শিক্ষাবর্ষের কয়েক মাস চলে গেলেও পুরনো তথ্যই পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। বাজারে সমাজ বিজ্ঞানের যে বই পাওয়া পাওয়া যায় তাতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পর্যন্ত আছে। এর পরের সংশোধনী শিক্ষার্থীরা পড়তে পারছে না। বোর্ডকে এ নিয়ে বারবার বলার পরও কিছু হচ্ছে না।”

পাঠ্যপুস্তক বোর্ড সূত্র জানায়, এবার ইংরেজি মাধ্যমের বই ছাপানোর প্রক্রিয়া শুরু হয়েছে অনেক দেরিতে। এরপর কম্পোজ ও ট্রেসিং এ ভুলভ্রান্তির কারণে ছাপানোর সময় বেশি লাগছে। অবশ্য সংশোধন ও পরিমার্জন করে নতুন বই ছাপানোর কাজ এখন প্রায় শেষ পর্যায়ে বলে সূত্রটি দাবি করে।

এ বিষয়ে জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ মো. ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “এ মাসের মধ্যেই মাধ্যমিক পর্যায়ের সবগুলো বই বাজারে পাওয়া যাবে বলে আশা করছি। নতুন বই বাজারে আসতে দেরি হওয়ার অনেক কারণ রয়েছে। আগের বছরের বইয়ে ভুল থাকায় সেগুলো সংশোধন করতেও বেশ সময় লেগেছে।”

এনসিটিবির চেয়ারম্যান বলেন, “শিক্ষা মন্ত্রণালয় থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস সংশোধনের নির্দেশ দেওয়ায় ইংরেজি মাধ্যমের ছাপা হওয়া বই পরের শিক্ষাবর্ষে আবার পরিমার্জন করতে হবে।”

এনসিটিবির বিতরণ নিয়ন্ত্রক শওকত ফারুক জানান, কাজ শেষ পর্যায়ে আছে। কিছু বই বাঁধানোর কাজ চলছে। কিছু ছাপানো হচ্ছে। আশা করা যায় এ মাসের শেষ নাগাদ বাজারে বই পাওয়া যাবে।

এনসিটিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ের অর্থাৎ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর জন্য বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ পরিচিতি সমাজ, পরিবেশ পরিচিতি বিজ্ঞান এবং ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মসহ মোট ৩৩ বিষয়ে প্রায় সাড়ে ছয় লাখ বই ছাপানো হয়েছে। আর ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য ৫৮ বিষয়ে প্রায় দশ লাখ বই ছাপানোর প্রক্রিয়া চলছে। এর মধ্যে নতুন করে অনুবাদ করা হয়েছে ২৩টি বই।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত সারাদেশে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী বোর্ডের অধীনে ইংরেজি মাধ্যমে পড়াশুনা করছে।