২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্মীদের হামলায় আহত ২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্মীদের হামলায় তিনজন সাধারণ ছাত্র আহত হয়েছে। এরা হলেন বিকাশ চন্দ্র নন্দী (২৪) এবং তোফাজ্জেল হোসেন সূর্য (২৫)। বৃহস্পতিবার দুপুরে রসায়ন বিভাগে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2007, 03:55 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

গুরুতর আহত অবস্থায় বিকাশ নামের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, গত মঙ্গলবার মোবাইলে ছবি তোলাকে কেন্দ্র করে ছাত্রদলের কর্মী সবুজ ও রেজাউলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সবুজ ও তার বন্ধুরা মিলে রেজাউলকে মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে রেজাউলের বন্ধু সালাউদ্দিন, নাজমুল, রানা ও জুয়েল সহ ৮/৯ জন মিলে রসায়ন বিভাগের বিকাশ ও সূর্য নামের দুই ছাত্রকে বেধড়ক মারধর করে।

খবর পেয়ে পুলিশ বিশ্ববিদ্যালয়ে এসে বিকাশ ও সূর্যকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ক্যাম্পাসে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় দায়ীদের ক্যাম্পাসে দেখা মাত্র গ্রেপ্তার করা হবে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “এটা কোন রাজনৈতিক ঘটনা নয়। মেয়েঘটিত কারণে এ হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আহত বিকাশ চন্দ্র নন্দী বাদি হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।”

বিশ্ববিদ্যালয় প্রক্টর কাজী আসাদুজ্জামান জানান, ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।