ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি হলে পুলিশের তল্লাশি, আটক ১২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হলের অন্তত ৬০টি কক্ষে সোমবার গভীর রাতে তল্লাশি চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ সময় বহিরাগতসহ বিভিন্ন বিভাগের ১২ জনকে আটক করা হয়। তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হলেও রাখা হয়েছে রমনা থানায়।
সলিমুল্লাহ মুসলিম হল থেকে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রিপন, দর্শন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জিয়াউল হক, জগন্নাথ হল থেকে ছাত্রলীগের ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক কৃপা সিণ্ডু এবং এমবিএ এর ছাত্র সুগম কুমার দাস, বঙ্গবন্ধু শেখ মুজিব হল থেকে এমবিএ এর ছাত্র শাহীন আলম, ইতিহাস বিভাগের মাস্টার্সের ছাত্র শাহিনুজ্জামান, আইন বিভাগের মাস্টার্সের ছাত্র নাসিরুদ্দিনকে আটক করা হয়। এ ছাড়া ফজলুল হক থেকে আটক করা হয় গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আনোয়ার হোসাইন এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শহিদুর রহমানকে।
মুজিব হল এবং মুহসিন হল থেকে মোস্তফা কামাল, আনোয়ারুল হাকিম ও হাবিবুর রহমান নামের তিন বহিরাগতকেও আটক করা হয়।
শাহবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা উপ পরিদর্শক আজগর জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আ কা ফিরোজা জানান, গোয়েন্দা শাখার পুলিশের তৈরি নির্দিষ্ট তালিকার ভিত্তিতে ওই কক্ষগুলোতে তল্লাশি চালানো হয়েছে। অভিযোগ ছাড়া কাউকে নাজেহাল না করার জন্য কর্তৃপক্ষ জেলা প্রশাসক বরাবর একটি আবেদন জানিয়েছে।
তিনি আরও জানান, গোয়েন্দা শাখার পুলিশের তৈরি তালিকা অনুযায়ী অভিযানটি চালানো হয়েছে। তাই এ ব্যাপারে আলোচনা করতে মঙ্গলবার সন্ধ্যায় মহানগর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
