ঢাবির চার হলে গভীর রাতে পুলিশের নিস্ফল অভিযান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ তল্লাশি চালিয়েছে। পুলিশি অভিযানের উদ্দেশ্য পরিষ্কার জানা না গেলেও সন্দেহভাজন কাউকে আটক কিংবা কিছুই উদ্ধার করতে পারেনি তারা।
বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মুহসীন, কবি জসিমউদ্দিন, জিয়াউর রহমান এবং সলিমুল্লাহ হলে রাত ১২ টা দশ মিনিটে মহানগর পুলিশ এবং গোয়েন্দা পুলিশের সদস্যরা একযোগে অভিযান শুরু করে। অভিযান চলাকালে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আকা ফিরোজ আহম্মেদ রাত সাড়ে ১২ টায় বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “অভিযান চালানোর কিছু সময় আগে পুলিশ কর্তৃপক্ষ তাদের কাছে প্রয়োজনীয় সহায়তা চায়। সে অনুযায়ী সংশ্লিষ্ট চারটি হল প্রশাসন তাদের সহায়তা করছে।”
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তবে উপ-পুলিশ কমিশনার (রমনা জোন) সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “এটা আমাদের রুটিন অভিযান। অভিযান শেষ হওয়ার আগে বিস্তারিত জানানো সম্ভব নয়।”
