২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সনদ পাবেন মাদ্রাসা পড়ুয়ারা

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ফাজিল ও কামিল শ্রেণীর শিক্ষার্থীরা ২০০৬-০৭ শিক্ষাবর্ষ থেকে অন্তর্ভুক্ত হচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আওতায়। এজন্য ১৫ অক্টোবরের মধ্যে ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে মাদ্রাসা পরিদর্শকের কাছে অধিভুক্তির জন্য আবেদন করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আব্দুল্লাহিল ওয়ারিশ, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2007, 09:32 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

শুক্রবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফয়েজ মোহাম্মদ সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সংক্রান্ত একটি অধ্যাদেশ অনুমোদন করা হয়। ফলে চলতি শিক্ষাবর্ষ থেকে এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া মাদ্রাসাগুলোর ফাজিল ও কামিল শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর সনদ পাবেন।

উপ রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ জানান, সিন্ডিকেট সভায় ফাজিল ও কামিল শ্রেণীর শিক্ষা, পাঠ্যসূচি এবং পরীক্ষা সংক্রান্ত অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর সনদ দেওয়ার বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কাছে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছেন দেশে একমুখী শিক্ষার প্রচলন ঠেকাতে পরিচালিত আন্দোলনে অংশ নেওয়া শিক্ষাবিদরা। এ ক্ষেত্রে তারা পাঠ্যসূচি সংস্কারের ওপর জোর দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “শিক্ষার্থীরা কোন মাধ্যম থেকে এসেছে তা বড় কথা নয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো উচ্চ শিক্ষার মান নিয়ন্ত্রণ। এটি না হলে মাদ্রাসা শিক্ষার্থীদের দেওয়া সনদ নিয়ে প্রশ্ন থেকেই যাবে।”

শিক্ষাবিদ ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল এ ব্যাপারে বলেন, “একটি স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়ের সনদ প্রদানের ক্ষমতা আছে, তারা সেটা প্রয়োগ করতেই পারে। কিন্তু প্রশ্ন হলো মাদ্রাসার প্রচলিত কারিকুলামে তাদের সনদ দেওয়া হলে তা কতটুকু যৌক্তিক হবে।”

অন্যদিকে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি সুশান্ত কুমার দাশ বলেন, “বাংলাদেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা পরিবর্তন না করে মাদ্রাসার শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করলেও কোনো লাভ হবে না। বরং এতে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হবে।”

দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসাকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে অক্টোবর মাসে “ইসলামী বিশ্ববিদ্যালয় (সংশোধিত) আইন-২০০৬” জাতীয় সংসদে পাশ করা হয়। আইনটি ২০০৬ সালের ১১ অক্টোবর রাষ্ট্রপতির সম্মতিও লাভ করে।

আইনটির ১২ ধারার (১) উপধারায় বলা হয়েছে, “এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিভুক্ত ও অঙ্গীভুত সকল ফাজিল ও কামিল মাদ্রাসা সমূহ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং অঙ্গীভুত মাদ্রাসা হিসাবে গণ্য হইবে।”

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ২০০৬-০৭ শিক্ষাবর্ষে ফাজিল ও কামিল শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ২০০৯ সালে তাদের চূড়ান্ত পরীক্ষায় যথাক্রমে স্নাতক ও স্নাতকোত্তর সমমানের সনদ পাবেন। ফাজিল এর দুই বছরের কোর্সের মেয়াদ হবে তিন বছর। তবে কামিল শ্রেণীর কোর্সের মেয়াদ আগের মতোই থাকছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধীভুক্তির জন্য আগামী ১৫ অক্টোবরের মধ্যে ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে মাদ্রাসা পরিদর্শকের কাছে আবেদন আবেদন করতে হবে বলে সূত্র জানায়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোসলেম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করেছি। নতুন অধ্যাদেশটি অনুমোদন হওয়ার ফলে মাদ্রাসার ফাজিল ও কামিল শ্রেণীর শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার মান পাবে।”