ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বাড়িভাড়ার বরাদ্দ কমছে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বাড়িভাড়া বাবদ অতিরিক্ত পাঁচ শতাংশ অর্থ বরাদ্দ চলতি মাস থেকেই বন্ধ করে দেওয়া হচ্ছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ১৯৩ তম সিন্ডিকেট সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।
সিন্ডিকেট সূত্র জানায়, প্রতিষ্ঠার পর থেকেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা মেট্রোপলিটন বা পৌর এলাকার নিয়ম অনুযায়ী বাড়িভাড়া নিচ্ছেন। কিন্তু জাতীয় বেতন স্কেল ২০০৫ অনুযায়ী তাদের সাধারণ শহরের বাড়ি ভাড়া নেওয়ার কথা।
মেট্রোপলিটন এলাকার বরাদ্দ অনুসারে বাড়িভাড়া নেওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এখন সাধারণ শহরের তুলনায় পাঁচভাগ বেশি টাকা পাচ্ছেন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) একাধিকবার আপত্তি জানায়। সর্বশেষ গত ৫ মার্চ ইউজিসি এক চিঠিতে (স্মারকঃ বিমক/বাজেট-২(৭)/২০০৬/১৩৬০) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বাড়িভাড়া বাবদ অতিরিক্ত অর্থ বরাদ্দ বন্ধের নির্দেশ দেয়। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে বেতন ভাতা ও পেনশনের তৃতীয় কিস্তির অবশিষ্ট ১ কোটি ৮৬ লাখ ২৫ হাজার টাকা ও পরবর্তী কিস্তির অর্থ ছাড়ে কমিশনকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।
ইউজিসির এই নির্দেশের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফয়েজ মোহাম্মদ সিরাজুল হক শিক্ষক সমিতিসহ বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ফোরামের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। এরপর গত ১৭ এপ্রিল তিনি বাড়িভাড়া বাবদ অতিরিক্ত অর্থ দেওয়া বন্ধের বিষয়টি অনুমোদন করেন। ২২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির বৈঠকে এটি আলোচনার পর গত শুক্রবার সিন্ডিকেট বৈঠকে চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম আনোয়ারুল করিম এ ব্যাপারে জানান, “শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যয়বহুল এলাকার হারে বাড়িভাড়া ভাতা প্রদান এবং কর্মচারীদের যাতায়াত ভাতা বাবদ অতিরিক্ত অর্থ প্রদান স্থগিত করার সিদ্ধান্তটি সিন্ডিকেট সভায় অনুমোদন করা হয়েছে।”
