২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিট বরাদ্দ নিয়ে মহসীন হলে ভাংচুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হলে মঙ্গলবার রাতে বিক্ষুব্ধ ছাত্ররা ব্যাপক ভাঙচুর চালিয়েছে। প্রচলিত নিয়ম উপেক্ষা করে সিট বরাদ্দ করার অভিযোগে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 12:23 AM

Updated : 26 Apr 2022, 02:16 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ ছাত্ররা রাত সাড়ে ১০ টার দিকে হলের প্রধান ফটক বন্ধ করে দিয়ে থেকে ভাঙচুর শুরু করে। প্রায় এক ঘন্টা ধরে তারা হলের অভ্যর্থনা কক্ষের দরজা-জানালা, আসবাবপত্র এবং হল রুমের টিভি ভাঙচুর করে। পরে রাত সাড়ে ১১ টার দিকে উপাচার্য এসএমএ ফায়েজ, প্রক্টর আকা ফিরোজ আহম্মেদ এবং হল প্রভোস্ট আহম্মেদ জামাল আনোয়ার পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

হলের বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, হল কর্তৃপক্ষ প্রচলিত নিয়ম ভেঙে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সিট বরাদ্দ দিয়ে অনাবাসিক ছাত্রদের ২৭ এপ্রিলের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়।

ছাত্ররা অভিযোগ করেন, হলের আবাসিক শিক্ষক হামিদুল্লাহ ভূঁইয়া এবং এইচএম মোশারফ তৃতীয় ও চতুর্থ বর্ষের ছাত্রদের অগ্রাধিকার না দিয়ে নতুন এ বরাদ্দ আদেশ দেন।

সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোশারফ হোসেন ইসলামী ছাত্র শিবির কর্মীদের মধ্যে সিট বরাদ্দ দিয়েছেন। এমনকি তিনি সিনিয়রিটির ব্যাপারটি পর্যন্ত বিবেচনা করেননি।”

রাত সোয়া ১২ টা পর্যন্ত উপাচার্য এসএমএ ফায়েজ, প্রক্টর আকা ফিরোজ আহম্মেদ, হল প্রভোস্ট আহম্মেদ জামাল আনোয়ার এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সমস্যা সমাধানের জন্য ছাত্রদের সঙ্গে আলোচনা করেন। বৈঠক শেষে প্রক্টর আকা ফিরোজ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সিট বরাদ্দের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। এ ব্যাপারে আগামীকাল বিকেল ৪ টায় আবার বৈঠক হবে।

শাহবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক আজগর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপ-পরিদর্শক মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে থানার একটি টহল দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশের রমনা অঞ্চলের উপ-পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে রয়েছেন।