২৭তম বিসিএস-এর স্বাস্থ্য পরীক্ষা স্থগিত
২৭তম বিসিএস-এ মনোনীতদের স্বাস্থ্য পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
২৭তম বিসিএস এর স্বাস্থ্য পরীক্ষা গত ৭ এপ্রিল থেকে শুরু হয়। ২৯ এপ্রিল তা শেষ হওয়ার কথা ছিল।
প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তর পরীক্ষা স্থগিত করে দেয়। বিষয়টি সরকারি কর্ম কমিশনকে চিঠি দিয়ে জানিয়ে দেয় তারা।
সরকারি কর্ম কমিশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা চিঠি পেয়েছি। এতে স্বাস্থ্য পরীক্ষা স্থগিত রাখার কথা বলা হয়েছে।”
২০০৫ সালের জুন মাসে ১ হাজার ৭শ’ ৭৬টি পদে নিয়োগের জন্য আবেদনপত্র চেয়ে ২৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞাপন দেয় সরকারি কর্ম কমিশন। প্রিলিমিনারি পরীক্ষায় ১ লাখ ৫৮ হাজার ৬শ’ এবং লিখিত পরীক্ষায় ২৭ হাজার পরীক্ষার্থী অংশ নেন। গত ২১ জানুয়ারি ৩ হাজার ৫৬৬ জনকে মনোনীত করে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।
