২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয়ে ৫ বছরের নিয়োগ পর্যালোচনা করবে মঞ্জুরি কমিশন

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গত পাঁচ বছরে যেসব নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো পর্যালোচনা করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গত বুধবার কমিশনের বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

মারুফ মল্লিক,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2007, 11:20 AM

Updated : 26 Apr 2022, 02:14 PM

মঞ্জুরি কমিশন সূত্র জানায়, অনুমোদনহীন নিয়োগ যাচাই করার জন্য কমিশনের পক্ষ থেকে কমিটি গঠন করা হবে। এরই মধ্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ ব্যাপারে তদন্ত চালিয়েছে কমিশন। তাতে অনুমোদন ছাড়াই অতিরিক্ত জনবল নিয়োগের বিষয়টি প্রমাণিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মারুফ মল্লিক

প্রায় সব ক্ষেত্রেই নিয়োগ দুর্নীতির সঙ্গে উপাচার্যের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। মঞ্জুরি কমিশনের এ সংক্রান্ত একটি প্রতিবেদন পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। তাতে এসব আর্থিক অনিয়ম ও দুর্নীতির ঘটনা দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তদন্তের সুপারিশ করা হয়েছে। ওই প্রতিবেদনের সূত্র ধরে শিক্ষা মন্ত্রণালয় রোববার মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দুর্নীতির বিস্তারিত বিবরণ চেয়ে মঞ্জুরি কমিশনকে চিঠি দিয়েছে।

কমিশনের সদস্য অধ্যাপক ড. এম মাহবুব উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনুমোদনহীন নিয়োগের বিরুদ্ধে কমিশন শক্ত অবস্থান নিয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। মন্ত্রণালয়ে সুনির্দিষ্ট সুপারিশও করা হয়েছে।”

এদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষক নিয়োগের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে মঞ্জুরি কমিশন। সর্বশেষ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫২ জন শিক্ষক নিয়োগের প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও হাজী দানেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও নতুন নিয়োগের জন্য মঞ্জুরি কমিশনের অনুমোদন চেয়েছে। কমিশন সূত্র জানায়, এসব প্রস্তাব যাচাই বাছাই করে অনুমোদন দেওয়া হবে। যেখানে জনবল বাড়ানো প্রয়োজন কেবল সেখানেই নিয়োগের অনুমোদন দেওয়া হবে।