পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসন খর্ব না করার আহ্বান
পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসন খর্ব না করার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা। তারা বলেছেন, প্রয়োজনে বিদ্যমান আইনের পরিমার্জন করা যেতে পারে। কিংবা আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে কিনা তা দেখতে হবে। কিন্তু স্বায়ত্বশাসন খর্ব করা ঠিক হবে না। প্রচলিত আইনের যথাযথ অনুসরণের মাধ্যমে অনেক সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন তারা।
শনিবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক সংহতি আয়োজিত “উচ্চ শিক্ষা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ২০ বছরের কর্মপরিকল্পনা” শীর্ষক মুক্ত আলোচনায় বক্তারা এসব কথা বলেন।
অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সঞ্চালনে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের রাজনীতি অধ্যয়ন বিভাগের প্রভাষক সাহাবুল হক সাবু।
অধ্যাপক মনিরুজ্জামান মিঞা বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন খর্ব করা যাবে না। বিদ্যমান আইনে ত্রুটি থাকলে তা দুর করা যেতে পারে। শিক্ষক নিয়োগ পদ্ধতির পরিবর্তন করতে হবে। সিলেকশন কমিটিতে বাইরের বিশেষজ্ঞ প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞ নেওয়ার সুপারিশও করেন তিনি।
তিনি বলেন, শিক্ষকদের স্বায়ত্তশাসন মানে এ নয় যে উপাচার্যরা সব কিছুর ঊর্ধ্বে চলে যাবেন। অনেক সময় দেখা যায় উপাচার্য হিসাবে যারা আসেন তারা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনকে নিজের স্বায়ত্তশাসন হিসাবে ধরে নিয়ে কাজ করেন।
অধ্যাপক মোজাফ্ফর আহমেদ বলেন, অধ্যাদেশেই বলা আছে, নির্বাচিত ছাত্র সংগঠনের প্রতিনিধিরাই ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনা করতে পারবে। আইন মেনে চললে সন্ত্রাস-দখলের রাজনীতি এমনিতেই বন্ধ হয়ে যাবে। শিক্ষকদের রাজনৈতিক সচেতনতা থাকতেই পারে। তবে বিবেকের কাছেও দায়বদ্ধতা থাকতে হবে। শিক্ষকরা কোনো অনৈতিক কাজ করলে তা ডিসিপ্লিনারি কমিটি তা দেখবে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এম আসাদুজ্জামান বলেন, ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশে শিক্ষকদের জবাবদিহিতা নেই। বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। তাই আইনের পরিবর্তন ও পরিমার্জন প্রয়োজন। পাশাপাশি মঞ্জুরি কমিশনকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও দিতে হবে।
তিনি জানান, সরকারের নির্দেশে ২০ বছরের একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে । এটি বাস্তবায়নের জন্যও একটি কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের শর্ত অনেক দুর্বল ও পুরনো। এতে পরিবর্তন আনা উচিত। এ জন্য সুনির্দিষ্ট নীতিমালা থাকা দরকার। এছাড়া উপাচার্য নিয়োগে যেন রাজনৈতিক পক্ষপাতিত্ব না থাকে সেদিকে দৃষ্টি রাখতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য সৈয়দ রাশিদুল হাসান অভিযোগ করেন, ৮৫ ভাগ শিক্ষার্থীকে উচ্চ শিক্ষা দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। অথচ এটিকে নিয়ে কোনো চিন্তাভাবনা দেখা যাচ্ছে না। জাতীয় বিশ্ববিদ্যালয় এখন প্রায় অর্ধমৃত। যেখানে ৬শ’ লোক হলেই চলে সেখানে ১২শ’ নিয়োগ করা হয়েছে। যাদের কোনো কাজ নেই।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে শক্তিশালী না করে সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার ওপর জোর দিতে হবে। কারণ আমাদের সমন্বয়কারী প্রতিষ্ঠান দরকার।
ড. আসিফ নজরুল বলেন, আমাদের দেখতে হবে আইনে যেটা আছে আমরা সেটার প্রয়োগ করছি কিনা। শিক্ষকদের কর্মদক্ষতা নিশ্চিত করার জন্য ছাত্রদের দ্বারা মূল্যায়ন পদ্ধতি চালু করার প্রস্তাব দেন তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আলী মর্তুজা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস আই খান, বিএমএর সাবেক সভাপতি ডা. রশীদ ই মাহবুব, ড. সাখাওয়াত আনসারী, হাফিজুর রহমান কার্জণ প্রমুখ।
