২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৩তম বিসিএস এর স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করবে পিএসসি

২৩তম বিসিএস পরীক্ষার ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। শুধু মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ঘোষিত এ পরীক্ষার কার্যক্রম আদালতের স্থগিতাদেশের কারণে ছয় বছরেও শেষ করা সম্ভব হয়নি।

নিজস্ব প্রতিবেদক

মারুফ মল্লিক,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 02:25 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

২০০৩ সালে মৌখিক পরীক্ষায় ডাক না পাওয়ায় কয়েকজন পরীক্ষার্থী রিট আবেদন করলে আদলত ২৩তম বিসিএস পরীক্ষার উপর স্থগিতাদেশ দেন।

কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “আপিল করার জন্য আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়া গেছে। কমিশন আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় পরবর্তী আইনগত পদক্ষেপ নেবে।”

কমিশন সূত্র জানায়, ১২ মার্চ পিএসসির সভায় এ ব্যাপারে আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসির একজন সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবিষ্যত জটিলতা এড়ানোর জন্য পিএসসিকে সতর্ক পদক্ষেপ নিতে হচ্ছে। সনদ সংক্রান্ত জটিলতার কারণে আদালত স্থগিতাদেশ দেয়।

২০০০ সালে ২৩তম বিশেষ বিসিএস এর জন্য দেয়া বিজ্ঞাপনে ১১টি ক্যাডারে ৭০৯টি পদের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়। বিজ্ঞাপনে আবেদনকারীদেরকে তাদের বাবার মুক্তিযুদ্ধের সনদের অনুলিপি জমা দেওয়ার জন্য বলা হয়।

লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় ৩৯৪ জন উত্তীর্ণ হয়। ২০০৩ সালের ৬ ও ৮ জুলাই তাদের মধ্যে ১০২ জনের মৌখিক পরীক্ষা নেয়া হলেও ২৯২ জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়নি। এদের মধ্যে কয়েকজন আদালতে রিট আবেদন দায়ের করলে আদালত ২৩তম বিসিএস এর কার্যক্রমের ওপর স্থাগিতাদেশ দেয়।

কমিশনের একটি সূত্র জানায়, মুক্তিযুদ্ধের সনদ সংক্রান্ত জটিলতার কারণে তাদের মৌখিক পরীক্ষায় ডাকা হয়নি। এসব পরীক্ষার্থীরা আবেদনপত্রের সঙ্গে যেসব সনদ জমা দিয়েছিল সেটা ওই সময়ের সরকারের নির্দেশ অনুসারে বৈধ ছিল না। তাই তাদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়নি।

পিএসসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, সরকারের নির্দেশ ছিল মুক্তিযোদ্ধা কোটায় আবেদনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের স্বাক্ষরিত অস্থায়ী সনদ বা প্রধানমন্ত্রী ও মন্ত্রী স্বাক্ষরিত স্থায়ী সনদ জমা দিতে হবে। যারা এর কোনোটাই জমা দেয়নি তাদেরকে মৌখিক পরীক্ষায় ডাকা হয়নি।