২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচী অব্যাহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স চালুর প্রতিবাদে বিভাগীয় শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2007, 07:05 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

রোববার বিভাগীয় শিক্ষার্থীরা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ আব্দুস সালামের রুমের সামনে এক ঘন্টার অবস্থান কর্মসূচী পালন করেন। শিক্ষার্থীরা জানান, তাদের এ কর্মসূচী অব্যাহত থাকবে।

শিক্ষার্থীরা জানান, আরও কঠোর কর্মসূচীর মাধ্যমে এ কোর্স বন্ধ করা হবে। তবে সেটা কি ধরনের  কর্মসূচী হতে পারে তা তারা নিশ্চিত করেননি।

এদিকে ভর্তি পরীক্ষার ফরম বিতরণ ১ ফেব্র“য়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। এ প্রসঙ্গে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম জানিয়েছেন, এখনও ভর্তি ও পাঠক্রম নির্দেশিকা (ব্রোশিউর) বিভাগে এসে পৌঁছায়নি বলে তা আপাতত বিক্রি হচ্ছে না। সোমবার নাগাদ নির্দেশিকা হাতে এসে পৌঁছালেই ফরম বিক্রি শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ‘জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ’ নামে দু’বছর মেয়াদি সান্ধ্যকালীন এমএসএস কোর্স চালু করার সিদ্ধান্ত নেওয়ায় শিক্ষার্থীরা এর বিরুদ্ধে অবস্থান নেয়।

চারটি সেমিস্টারের সান্ধ্যকালীন কোর্স করতে মোট ৬০ হাজার টাকা লাগবে। একটি ব্যাচে ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। তবে ভর্তির ক্ষেত্রে সবার কমপক্ষে দু’ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।