২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ছাত্র বিক্ষোভের মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

বাদির জবানবন্দির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক ও ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে জরুরি আইন ভঙ্গের মামলার সাক্ষ্য গ্রহণ সোমবার শুরু হয়েছে। ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর ও দ্রুত বিচার আদালতের হাকিম মো. গোলাম রাব্বানীর আদালতে সোমবার দুপুরে মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2007, 01:25 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাদির জবানবন্দির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক ও ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে জরুরি আইন ভঙ্গের মামলার সাক্ষ্য গ্রহণ সোমবার শুরু হয়েছে। ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর ও দ্রুত বিচার আদালতের হাকিম মো. গোলাম রাব্বানীর আদালতে সোমবার দুপুরে মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হয়। দুপুর ১২টার দিকে অভিযুক্ত শিক্ষক অধ্যাপক আনোয়ার হোসেন, হারুন অর রশীদ, সদরুল আমিন ও নিমচন্দ্র ভৌমিক এবং ছাত্র মনিরুজ্জামান সর্দার রুবেলকে আদালতে হাজির করা হয়। মামলায় অভিযুক্ত বাকি ১৪ শিক্ষার্থী পলাতক রয়েছেন। মামলার বাদি নীলক্ষেত পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপ-পরিদর্শক শওকত আহমেদ তার জবানবন্দিতে বলেন, "সেদিন অভিযুক্ত শিক্ষকরা সাধারণ ছাত্র-জনতাকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে প্ররোচিত করেন। এরপর মিছিল থেকে পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে অনেক পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া অভিযুক্তরা সরকারের বিভিন্ন ব্যক্তির কুশপুত্তলিকাও দাহ করে।" শওকত আহমেদ আরো বলেন, "অভিযুক্তরা নীলক্ষেত পুলিশ ফাঁড়ি, উপাচার্যের বাড়ি ও এফ রহমান হলের সামনের রাস্তায় বেআইনিভাবে দলবদ্ধ হয়ে সরকারবিরোধী মিছিল ও রাস্তার গাড়ি ভাঙচুর করে। তারা সেখানে গাড়ির টায়ার জড়ো করে আগুন জ্বালিয়ে দেয়। এতে জনমনে ভীতির সঞ্চার হয়।" বাদির জবানবন্দি শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাকে আংশিক জেরা করেন। এর পর বিচারক মামলার প্রথম দিনের কার্যক্রমে ইতি টানেন। আগামী ২৪ ডিসেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের ঘটনায় জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগ এনে গত ২৩ আগস্ট শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়। সে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আনোয়ার হোসেন এবং সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন-অর-রশীদকে আটক করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। অধ্যাপক সদরুল আমিন ও নিমচন্দ্র ভৌমিক পরে আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়। ১১ ডিসেম্বর চার শিক্ষক ও ১৫ ছাত্রের বিরুদ্ধে আদালতে মামলার অভিযোগ গঠন করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এমআই/এমএ/১৯১৬ঘ.