২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনিশ্চয়তায় রাবির সাজা পাওয়া ১০ শিক্ষার্থীর শিক্ষাজীবন

ছাত্র বিক্ষোভের সময় সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর মামলায় সাজা পাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীর শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 03:40 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ছাত্র বিক্ষোভের সময় সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর মামলায় সাজা পাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীর শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাবি'র আইন অনুযায়ী কোনো শিক্ষার্থী পর পর দুবছর পরীক্ষা না দিলে তার ছাত্রত্ব বাতিল হয়ে যায়। এ জন্য সাজা বহাল থাকলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন থেকে ঝরে পড়বেন ১০ শিক্ষার্থী। গাড়ি পোড়ানোর মামরায় তিন বছরের সাজা পাওয়া শিক্ষার্থীরা হলেন, হিসাব বিজ্ঞান বিভাগের আয়েন উদ্দিন, মার্কেটিং বিভাগের সরদার আয়াজ, দ্বীপায়ন সরকার দ্বীপ, মিজানুর রহমান মিঠু, ভাষা বিভাগের আবু সায়েম, ব্যবস্থাপনা বিভাগের এস এম ফখরুল ইসলাম, শামীম আহমেদ, আজিম বিন কামাল উজ্জল, প্রাণ রসায়ন বিভাগের সাখাওয়াত হোসেন ও বাংলা বিভাগের কাজী আব্দুল লতিফ। বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক খন্দকার ফরহাদ হোসেন বলেন, আইনের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। তবে এ রায়ে দণ্ডপ্রাপ্ত ছাত্রদের শিক্ষাজীবন সংকটাপন্ন হয়ে গেল। নিজ বিভাগের ছাত্রের সাজা হওয়ায় একই ধরনের প্রতিক্রিয়া দেন প্রাণ রসায়ন বিভাগের সভাপতি ড. নারায়ণ চন্দ্র রায়। তিনি বলেন, "সাধারণত শিক্ষা জীবনে দুবছর ড্রপ থাকলে ছাত্রত্ব থাকে না। এজন্য আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত ১০ ছাত্রের শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে।" এ বিষয়ে মার্কেটিং বিভাগের সভাপতি সেলিম রেজা বলেন, "শিক্ষকরা আন্দোলন করেছেন বলেই ছাত্ররা আন্দোলনে নেমেছে। এজন্য শিক্ষকদের সঙ্গে ছাত্রদেরও মুক্তি পাওয়া উচিত ছিল। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশা করছি।" অন্যদিকে, রাবি ছাত্র উপদেষ্টা ফরিদুল ইসলাম পিন্টু বলেন, "শিক্ষকদের সঙ্গে ছাত্ররাও অবিযোগ থেকে মুক্তি পেলে আমরা খুশি হতাম। আশা করি সরকার তাদের বিষয়ে পদক্ষেপ নেবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২১৩৮ ঘ.